২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ে আরো এগুলেন মুমিনুল

চট্টগ্রাম টেস্টের পর ঢাকাতেও শতক করায় আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় আবারও অনেক ধাপ এগিয়েছেন মুমিনুল হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

চট্টগ্রামে ১৮১ রানের দারুণ ইনিংসে মুমিনুল হক ৪৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো এসেছিলেন সেরা পঞ্চাশে (৪৯তম)। এরপর ঢাকা টেস্টেও শতক করে আরও ১৭ ধাপ এগিয়ে ৩২-এ উঠে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে এসেছেন তিনি। এর পরেই আছেন ছয় ধাপ এগুনো তামিম ইকবাল (৩১)।

দুবাই টেস্টে শতক করে করে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে টপকে শীর্ষে উঠেছেন তারই সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় স্থানে আছেন শিবনারায়ণ চন্দরপল।

ঢাকা টেস্টে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া সাকিব টেস্ট বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন। ঢাকায় কোনো উইকেট না পাওয়া সোহাগ চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০তম অবস্থানে।

টেস্ট বোলারদের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। প্রথম তিনটি স্থানে যথারীতি আছেন ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও রঙ্গনা হেরাথ।

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা সাকিবের (৩৬২) সঙ্গে ব্যবধান বেড়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের (৩৩২)।

টেস্ট সিরিজ সমতায় শেষ হওয়ায় পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে নিউ জিল্যান্ড হারিয়েছে ৪ পয়েন্ট।

পুরনো খবর:

সিরিজ সেরা মুমিনুল