সিরিজ সেরা মুমিনুল
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুমিনুল হক।
দুই টেস্টে দুটি শতকসহ ৩৭৬ রান করেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ক্যারিয়ারে মাত্র পঞ্চম টেস্ট খেলতে নেমে সিরিজ সেরা হলেন তিনি।
মুমিনুলের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন খালেদ মাসুদ পাইলট, এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও রবিউল ইসলাম।
চট্টগ্রাম টেস্টে নিউ জিল্যান্ডের ৪৬৯ রানের জবাবে মুমিনুলের ১৮১ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫০১ রান করে লিড নেয় বাংলাদেশ। সেই টেস্টে সোহাগ গাজীর অনন্য নৈপুণ্যে শতক ও হ্যাটট্রিকসহ আট উইকেট) ম্যাচ সেরার পুরস্কার হাতছাড়া হয়ে যায় তার।
ঢাকা টেস্টে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে ৩ উইকেটে ২৬৯ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দেয়ার পথে মুমিনুল খেলেন অপরাজিত ১২৬ রানের ইনিংস। এটি তাকে এনে দেয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
চট্টগ্রাম টেস্টে ১৯ রানের জন্য দ্বিশতক না পেয়ে শতকের আনন্দই উপভোগ করতে পারেননি মুমিনুল। ঢাকা টেস্টে ১২৬ রানে অপরাজিত এই ব্যাটসম্যান বৃষ্টির কারণে পঞ্চম দিন মাঠেই নামতে পারেননি। ম্যাচ বাঁচানো শতকে এবার অবশ্য তার মুখে বিজয়ীর হাসি।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শেষে দ্বিতীয় ও শেষ টেস্টের সেরা খেলোয়াড় মুমিনুল বলেন, “খেলাটা উপভোগ করেছি। উন্নতির চেষ্টা করেছি। দিন দিন আরো উন্নতির চেষ্টা থাকবে।”
আর মাত্র চার রান করলেই বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তেন তিনি। তবে তা নিয়ে আফসোস নেই বাঁহাতি এই ব্যাটসম্যানের।
তার ভাষায়, “আজকে নেমে হয়তো প্রথম বলে আউট হতে পারতাম।”
বাংলাদেশের পক্ষে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। ২০০৩ সালে পাকিস্তান সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩৭৯ রান করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্বাচক। দুই ম্যাচের এই সিরিজে ১৮৮ গড়ে ৩৭৬ রান করেছেন মুমিনুল।
অবশ্য দুই টেস্ট সিরিজের হিসেবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মুমিনুল।
২০১০ সালে লর্ডস ও ম্যানচেস্টারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্টে শতক হাঁকানো তামিম ইকবালের সিরিজে মোট রান ছিল ২৬৮। এতদিন দুই ম্যাচের সিরিজে সেটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।
ঢাকা টেস্টে ৯৯ রানে স্নায়ুচাপে ভোগার সময় তামিম ইকবাল খুব সহায়তা করেছেন জানিয়ে মুমিনুল বলেন, "৯৯ রানে যখন রান হচ্ছিল না তখন তামিম ভাই বলছে ১ রানের জন্য প্রয়োজনে ১০০ বল খেলবি, কোনো সমস্যা নাই।"
এই তামিমের পরই দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টানা দুই টেস্টে শতক গড়ার অসাধারণ মাইলফলকে পৌঁছেছেন মুমিনুল।
