বাংলাদেশের প্রশংসায় ম্যাককালাম
বৃষ্টিতে শেষ দিনে একটিও বল হতে পারেনি। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ সমাপ্ত অমীমাংসিতভাবে। প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে ব্রেন্ডন ম্যাককালাম হতাশ। তবে নিউ জিল্যান্ড অধিনায়ক বাংলাদেশের প্রশংসা করেছেন অকুণ্ঠে।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, “আমরা এই সিরিজ জিততে চেয়েছিলাম। সেই প্রত্যাশা নিয়ে আমরা ভালোও খেলেছি। আমাদের ব্যাটিং অসাধারণ হয়েছে, দুরূহ কন্ডিশনে বোলাররাও ভালো করেছে। আমার মনে হয় সিরিজ ড্র বাংলাদেশের ভালো খেলার চিত্র ফুটিয়ে তুলেছে।”
“ঘরের মাঠে বাংলাদেশ সমীহ জাগানো দল। স্পিন-নির্ভর বোলিং আক্রমণ নিয়ে তারা নিজেদের কন্ডিশনে খেলতে দক্ষ। এমন একটা দলের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে আমরা সন্তুষ্ট। আমরা ফলাফল পা্ইনি, কিন্তু সুযোগ তৈরি করেছিলাম। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে কে জানে ফলাফল আসতেও পারতো।”
এ বছর ৯টি টেস্ট খেললেও একটিও জয় পায়নি নিউ জিল্যান্ড। পাঁচটি ড্রয়ের বিপরীতে তাদের চারটি হার। তাই বাংলাদেশকে হারাতে মরিয়া ছিল তারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসার পাশাপাশি টেস্ট সিরিজে জিততে না পারার হতাশার কথাও জানান নিউ জিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০১০ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল নিউ জিল্যান্ড।
তিন বছর আগের সেই ‘লজ্জা’কে মুছে ফেলতে এবার ওয়ানডে সিরিজ জিততে দৃঢ় প্রতিজ্ঞ ম্যাককালাম। টেস্ট সিরিজে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও সীমিত ওভারের ক্রিকেটে স্বরূপে ফিরতে চান তিনি।
