২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা আছে শেষ দিনেরও

পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করায় ম্যাচ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ আপাতত সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে মনে করেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “যত কম উইকেট হারিয়ে যত বেশি সময় সম্ভব ব্যাটিং করা আমাদের লক্ষ্য ছিল। আমাদের পরিকল্পনা ছিল ঝুঁকিপূর্ণ শট খেলবো না। স্বাভাবিক ব্যাটিং করবো।”

জ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে শতকের দ্বারপ্রান্তে থাকা মমিনুল হককে বারবারই দলীয় পরিকল্পনার কথা মনে করিয়ে দিয়েছেন তামিম।

“আমি বলেছি, একশ' গুরুত্বপূর্ণ না। দলের জন্য থাকা বেশি গুরুত্বপূর্ণ। মারতে গিয়ে আউট হয়ে গেলে দলের কোনো লাভ হবে না। তুই যতক্ষণ ব্যাটিং করবি সেটাই গুরুত্বপূর্ণ দলের জন্য।”

৭ উইকেট হাতে নিয়ে ১১৪ রানে এগিয়ে বাংলাদেশ। পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির পর এক ঘণ্টা বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা ব্যাটিং করলে বাংলাদেশ খুব ভালো অবস্থানে থাকবে বলে জানান তামিম। ফল কি হতে পারে তা নিয়ে কোনো মন্তব্য না করলেও তার কথায় থাকলো ম্যাচ জয়ের চেষ্টা করার ইঙ্গিত।

“কাল (শুক্রবার) ৪০/৪৫ ওভার এই জুটি (মমিনুল, সাকিব আল হাসান) ব্যাটিং করার পর যদি নাসির, মুশফিক নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে যে কোনো কিছু হতে পারে। এদের সবারই খুব তাড়াতাড়ি রান করার সামর্থ্য আছে। তখন কিন্তু যে কোনো কিছুই হতে পারে। দশ উইকেট নিতে কিন্তু দশটি বলই লাগে।”

তবে আগেভাগে এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না দলের উদ্বোধনী ব্যাটসম্যান,
“কাল এক সময় মনে হচ্ছিল আমরা ভালো অবস্থানে। আবার এক-দুই ঘণ্টার মধ্যে কিন্তু সব পাল্টে গেছে। কাল যদি সকালে আমরা তাড়াতাড়ি দুটি উইকেট হারাই তাহলে খেলা আবার দিক পাল্টাতে পারে। এখনই কোনো কিছু কমেন্ট করে দেয়া মনে হয় না ঠিক হবে।”

টানা দুই টেস্টে শতক করে তামিমের পাশে বসেছেন মমিনুল। ৩৭৬ রান করে দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের (২৬৮) কাছ থেকে কেড়ে নিয়েছেন তিনি। যোগ্য সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসাই পেয়েছেন মমিনুল।

“মমিনুল স্বপ্নের মতো ব্যাটিং করেছে। ও অনেক কষ্ট করেছে, তার ফলই পাচ্ছে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে এতো সাবলীল ব্যাটিং করতে দেখিনি। অবিশ্বাস্য ব্যাটিং।”

মমিনুলকে তামিম তুলনা করলেন সাকিবের সঙ্গে, “আমার মনে হয়, সাফল্য সামাল দেয়ার সামর্থ্য ওর আছে। এসব নিয়ে খুব কম চিন্তা করে। আমি ওকে আর সাকিবকে একই রকমের মনে করি। দুজনই একই ধরনের মানসিকতার মানুষ। একই ধরনের কথাবার্তা বলে। দুজনের কোচও (মোহাম্মদ সালাউদ্দিন) একই।”