২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের প্রয়োজনে অন্য তামিম

মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত তামিম ইকবাল খোলস পাল্টে খেলেছেন অসাধারণ একটি ইনিংস। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর সুযোগ করে দিয়েছে মমিনুল হকের সঙ্গে তার জুটি।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 08:12 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

তাই নিজে শতক না পেলে কি হবে দলের প্রয়োজনে সঠিক খেলাটাই খেলেছেন বলে মনে করছেন তামিম। অবশ্য দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে আবার সেই 'শতক' নিয়ে করা প্রশ্নে আক্রমণাত্মক মেজাজে ফিরতেই হলো তাকে।

দুই ইনিংসে অর্ধশতকে পৌঁছানোর পরও সাড়ে তিন বছরের শতকের খরা কাটাতে না পারা কতটা হতাশার- জাতীয় একটি দৈনিকের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তামিম বলেন, “আজকের ইনিংস নিয়ে বলি, আমি মাইলফলক চিন্তা করিনি। আমি টিভিতেও কিছুক্ষণ আগে বলে এসেছি এই ইনিংস জনগনের জন্য। আমার কি হবে, একশ' করবো, না আশি করবো তা ভাবিনি।”

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাজে শট খেলে ৯৫ রান করে সাজঘরে ফেরার পর তখন প্রশ্ন ওঠাটা স্বাভাবিকই ছিল। কিন্তু টেস্টের মেজাজে ২১৮ বল টিকে থেকে ৭০ রানের সময়োপযোগী ইনিংস খেলার পরও 'শতক না করার হতাশা' নিয়ে প্রশ্ন করায় ক্ষোভ প্রকাশ করেন তামিম।

“এই প্রশ্নটা এতো বেশি উঠছে যে শেষ পর্যন্ত আমারই ক্ষতি হচ্ছে। আপনাদের একটু বোঝা উচিৎ। এতোবার একটা প্রশ্ন করা উচিৎ নয়, সব কিছুরই একটা সীমা থাকে। দেখা হলে প্রত্যেক দিন একই প্রশ্ন, সেঞ্চুরি হচ্ছে না কেন?”

শতক নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বাড়তি চাপ নিতে হচ্ছে স্মরণ করিয়ে দিয়ে তামিম বলেন, “আপানাদের বুঝতে হবে ক্রিকেট মেন্টাল গেম। এটা আমাকে এক ধরনের বাড়তি চাপ ফেলে। আমি অনুরোধ করবো এ ধরনের প্রশ্ন আমাকে আর না করার।”

টেস্টে শতক নেই সাড়ে তিন বছর। ঢাকা টেস্টে দুবার অর্ধশতকে পৌঁছালেও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান কিন্তু জানালেন, শতক না পেলেও, নিজের ইনিংসে তিনি সন্তুষ্ট।

“যতটুকু করতে পেরেছি, তাতে আমি সন্তুষ্ট। আমার কাছে এটাই ওরা আশা করেছিল। আমি আর মমিনুল যখন ব্যাট করছিলাম, তখন চা-বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারানোর পরিকল্পনা ছিল।”

নিউজিল্যান্ডের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দুই উইকেট হারানোর পর বাংলাদেশের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান হয়ে যান ধৈর্য্যের প্রতিমূর্তি। শেষে কেন উইলিয়ামসনের বল কাট করতে গিয়ে তামিম স্লিপে টেইলের ক্যাচে পরিণত হলে ভাঙে ৫৭ ওভার স্থায়ী জুটি।

নিজের এই 'কচ্ছপগতির' ইনিংস সম্পর্কে তামিম বলেন, “এই ইনিংসে আমি নিজের জন্য চিন্তা করিনি। খেয়াল করে থাকবেন, ৪০/৪৫ রানে যখন থাকি তখন স্পিনাররা বোলিংয়ে এলে আমি সুযোগ নেয়ার চেষ্টা করি। (চার বা ছক্কা মেরে) মাইলফলকে পৌঁছার চেষ্টা করি। ৯০-এ থাকি তখনো সুযোগ নেয়ার চেষ্টা করি। আজ কিন্তু তেমন কিছু করিনি। দলের আমাকে প্রয়োজন ছিল আর আমি তা করেছি।”

তৃতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়ার সময় মমিনুল শট খেলা শুরু করলে একটা সময় নিজেকে সামলে রেখে উইকেট রক্ষায় মনোযোগ দেন তামিম।

“একটা সময় অফস্পিনার বল করছিল, তখন ডিপ মিডউইকেট ছিল না। আমার খুব প্রিয় একটা শট। ওটাও আমি নিয়ন্ত্রন করার চেষ্টা করছি। টেস্ট ক্রিকেটে এমন পরিস্থিতি আসে যখন আপনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংটা করতে হবে। এটা একটা শেখার জিনিস। আমার জন্য এবং আমার সঙ্গে যে ব্যাট করছে তার জন্য।”

লর্ডসে ৯৪ বলে ও ম্যানচেস্টারে ১০০ বলে শতকে পৌঁছান তামিম। ধীরগতিতে খেলে এখন পর্যন্ত শতক পাননি একবারও- একই দৈনিকের আরেক সাংবাদিক তা মনে করিয়ে দিতেই জ্বলে উঠেন তামিম।

“আমি মেরে খেললে সবাই বলে আমি মেরে খেলি। আমি যদি আস্তে খেলি তাহলে সবাই বলে আমি আস্তে খেলি। আমি আসলে করবো টা কি, আপনারা আমাকে একটু বলে দেন। আমি স্বাভাবিক খেললে বলেন মেরে খেলছি। আপনাদের সমস্যাটা কি? আমাকে আমার খেলা খেলতে দিন।”

শেষে ভারতের যে ব্যাটসম্যানের সঙ্গে প্রায়ই তার তুলনা করা হয়, সেই বীরেন্দর শেবাগেরই উদাহরণ টানলেন তামিম।

“আমি একদিন চিন্তা করছিলাম, আল্লাহর রহমত শেবাগ বাংলাদেশে জন্ম নেয় নাই। তাহলে ক্রিকেট খেলা ভুলে যেত। একটা বিষয় নিয়ে এতো কথার কোনো মানে হয় না।”