২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজ হারের শঙ্কার সামনে দক্ষিণ আফ্রিকা। সিরিজ অমীমাংসিত রাখতে বুধবার থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে হারাতেই হবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। টানা ১৫ টেস্ট অপরাজিত থাকার পর সেটাই ছিল দক্ষিণ আফ্রিকার প্রথম হার।

এমন কঠিন লড়াইয়ে নামার আগে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলাকে পাচ্ছে না তারা। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন প্রথম টেস্টে শতক করা আমলা।

চোটের কারণে ফাস্ট বোলার ডেল স্টেইনের খেলাও অনিশ্চিত।

তবে সব বাধা পেছনে ফেলে সিরিজ অমীমাংসিত রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতিতে আমাদের খুব বেশি পড়তে হয় না। আমরা নিজেদের জন্য যে রকম মান নির্ধারণ করেছি, তাতে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিৎ। আমাদের অনুপ্রেরণার কোনো অভাব নেই।” পাকিস্তানও দারুণ অনুপ্রাণিত। তাদের সামনে ১০ বছর পর দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হারানোর হাতছানি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটাই টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান, ২০০৩ সালে। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক অবশ্য ভীষণ সাবধানী। সতীর্থদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলছি। তাই আমাদের মনযোগও এই ম্যাচের দিকেই নিবদ্ধ।” দুবাইয়ে ড্র করলেই সিরিজ জিতে যাবে পাকিস্তান। তাই এই টেস্টে ব্যাটিং সহায়ক উইকেট চান কিনা এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, “তা চাই না। গ্রাউন্ডসম্যানকে এ বিষয়ে আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছি। আমরা ফলাফল চাই। নিঃসন্দেহে স্বাগতিক হওয়ার সুবিধা আমরা কাজে লাগাতে চাই আর তা নেবও। তবে আমরা ফলাফলও চাই।”