২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় হার

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা দ্বিতীয় ম্যাচ হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ষষ্ঠ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে তারা হেরেছে ৩৬ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:46 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সাত ম্যাচের সিরিজের প্রথমটি হারলেও পরের তিনটি জিতে ৩-১ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের টানা এই দুই হারে সিরিজে এখন ৩-৩ -এ সমতা। সোমবার জর্জটাউনের শেষ ম্যাচটি তাই ফাইনালের রূপ পেয়েছে।

শনিবার গায়ানার অ্যালবিওন স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ২৩ রানের মাথায় উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারালেও সিমরোন হেটমায়ার ও ট্রিস্টান কোলম্যানের সুবাদে সে হোঁচট কাটিয়ে ওঠে তারা। হেটমায়ার ৯৭ বলে ৬৫ ও কোলম্যান ৫২ বলে ৩৬ রান করেন।

আর ফ্যাবিয়ান অ্যালেনের অপরাজিত ৫০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। ৩৮ বলের ঝড়ো ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা মারেন অ্যালেন।   

বাংলাদেশের পক্ষে ৫৬ রানে তিন উইকেট নিয়ে সফল বোলার স্পিনার জুবায়ের হোসেন। এছাড়া পেসার আবু হায়দার দুটি ও স্পিনার রাহাতুল ফেরদৌস একটি উইকেট নেন।     

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়রাজ শেখের দৃঢ়তায় বাংলাদেশের জয়ের আশা জাগে। ১০৬ বলে পাঁচটি চারের সুবাদে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু আর কোনো ব্যাটসম্যানই উইকেটে দাঁড়াতে না পারায় তিন ওভার দুই বল বাকি থাকতে ২০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।    

স্বাগতিকদের পক্ষে ৩৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্পিনার রামাল লুইস।