২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত শতকও জয় এনে দিতে পারেনি ভারতকে। বরং অ্যাডাম ভোজেস ও জেমস ফকনারের আক্রমণাত্মক ব্যাটিং তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 10:20 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

৭ ম্যাচের সিরিজে অতিথিরা তাই ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।

শনিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ভারত ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়।

তবে পঞ্চম উইকেটে ধোনির সঙ্গে বিরাট কোহলির ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

আগের ম্যাচে দারুণ এক শতক করা কোহলি ৬৮ রান করে বিদায় নেয়ার পর রবিচন্দ্রন অশ্বিনকে (২৮) নিয়ে আরেকটি ভালো জুটি গড়েন ধোনি। সপ্তম উইকেট জুটিতে দুজনের অবদান ৭৬ রান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনীতে দর্শকদের মাতিয়ে তুলে ১৩৯ রানে অপরাজিত থেকে যান ধোনি। ১২১ বলের অধিনায়কোচিত ইনিংসটি গড়া ১২টি চার ও ৫টি বিশাল ছক্কায়। এটা ভারত অধিনায়কের নবম ওয়ানডে শতক।

ধোনির জন্যই ভারত পেয়ে যায় ৯ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ।

৪৬ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার বাঁহাতি পেসার মিচেল জনসন।

ওভার প্রতি ৬ রানেরও বেশি করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের শুরুটা ভালোই হয়েছিল। ফিল হিউজ (২২) ও অ্যারন ফিঞ্চ (৩৮) ৭৪ বলে ৬৮ রানের উদ্বোধনী জুটি উপহার দেন অতিথিদের।

এই দুজন বিদায় নেয়ার পর অধিনায়ক জর্জ বেইলি ৪৩ রান করলেও আস্কিং রান রেট বেড়ে যাচ্ছিল।

কিন্তু ভোজেস আর ফকনারের ঝড়ো ব্যাটিং নাটকীয় জয় এনে দেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

মাত্র ৫০ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজনে। ৭৬ রানে অপরাজিত ভোজেসের ৮৮ বলের দায়িত্বশীল ইনিংসে ৭টি চার।

তবে সবাইকে চমকে দিয়েছেন ৮ নম্বরে ব্যাট করতে নামা ফকনার। ধোনিকেও ম্লান করে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি। মাত্র ২৯ বলের বিধ্বংসী ইনিংসটি সাজানো ৬টি ছক্কা ও দুটি চারে।

ইশান্ত শর্মার করা ৪৮তম ওভারে চারটি ছক্কাসহ ৩০ রান নেয়া ফকনারের শেষ ছক্কাটি তিন বল হাত রেখে লক্ষ্যে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩০৩/৯ (রোহিত ১১, ধাওয়ান ৮, কোহলি ৬৮, রায়না ১৭, যুবরাজ ০, ধোনি ১৩৯*, জাদেজা ২, অশ্বিন ২৮, ভুবনেশ্বর ১০, বিনয় ০, ইশান্ত ০*; জনসন ৪/৪৬, ম্যাক্সওয়েল ১/৮, ম্যাকায় ১/৪৯, ফকনার ১/৬৫, ওয়াটসন ১/৭৪)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ৩০৪/৬ (হিউজ ২২, ফিঞ্চ ৩৮, ওয়াটসন ১১, বেইলি ৪৩, ভোজেস ৭৬*, ম্যাক্সওয়েল ৩, হ্যাডিন ২৪, ফকনার ৬৪*; বিনয় ২/৫০, জাদেজা ১/৩১, ভুবনেশ্বর ১/৫০, ইশান্ত ১/৬৩)

ম্যাচ সেরা: জেমস ফকনার।