পাকিস্তানের ওয়ানডে দলে হাফিজ
টেস্ট দলে উপেক্ষিত হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলে মোহাম্মদ হাফিজ সুযোগ পেয়েছেন।
অগাস্ট-সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাফিজ।
৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলের অধিনায়কের দায়িত্ব থাকছে মিসবাহ-উল-হকের কাঁধেই।
টেস্ট দলে থাকলেও ওয়ানডে দলে যথারীতি বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রান করে ম্যাচ সেরা হওয়া খুররাম মনজুর এবং অভিষেকে ৭৫ রানের চমৎকার ইনিংস খেলা শান মাসুদেরও জায়গা হয়নি ওয়ানডে দলে।
তবে উমর আকমল ফিরেছেন। অগাস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়ে বিমান ভ্রমণের সময় অসুস্থ হয়ে পড়ায় জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থেকেও খেলতে পারেননি তিনি।
আছেন শহীদ আফ্রিদিও। পাকিস্তানের এই দলটির একটি চমকপ্রদ বৈশিষ্ট্য Ñ চার বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরের উপস্থিতি।
পাকিস্তানের ওয়ানডে দল: মিসবাহ-উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, উমর আকমল, উমর আমিন, শোয়েব মাকসুদ, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, আব্দুর রেহমান, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীর।
