ধাক্কাধাক্কির শাস্তি পেলেন আকমল, পিটারসন
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্টে ধাক্কাধাক্কি করার জন্য শাস্তি পেয়েছেন আদনান আকমল ও রবিন পিটারসন।
পাকিস্তানের উইকেটরক্ষক আকমল ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রবিন পিটারসনের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুই খেলোয়াড়ই আইসিসির নীতিমালা ভেঙেছেন।
বৃহস্পতিবার আবু ধাবি টেস্ট সাত উইকেটে জেতে পাকিস্তান। ম্যাচ চলাকালে পাকিস্তানের উইকেটরক্ষক আদনান বল কুড়ানোর সময় কাঁধ ও শরীর দিয়ে পিটারসনকে ধাক্কা মারেন। জবাবে পাল্টা ধাক্কা দেন পিটারসনও।
জরিমাণার ঘোষণা দিয়ে ম্যাচ রেফারি ডেভিড বুন বলেন, "ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়া আমাদের খেলার মধ্যে পড়ে না। এটা কোনো পরিস্থিতিতেই ক্ষমা করা হবে না।"
দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বুধবার।
