নিউ জিল্যান্ডের অনুপ্রেরণার নাম উইলিয়ামসন
নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন জানিয়েছেন, প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের দারুণ ব্যাটিং দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ১১৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেন উইলিয়ামসন।
শুক্রবার মিরপুরের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে অ্যান্ডারসন বলেন, “কেন দুর্দান্ত ব্যাটসম্যান। প্রথম টেস্টে তার ব্যাটিংয়ে আমাদের দলের সবাই অনুপ্রাণিত।”
“আমরা আশা করেছিলাম ও দ্বিতীয় ইনিংসেও শতক করবে। দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। তবে ও সবাইকে দেখিয়ে দিয়েছে এখানে কীভাবে রান করতে হয়। আমি নিশ্চিত, সবাই ওকে দেখে অনুপ্রাণিত হয়ে পরের ম্যাচে ভালো খেলার চেষ্টা করবে।”
চট্টগ্রামে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসন বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন “নিউ জিল্যান্ডের চেয়ে এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া ছাড়া ভালো করার কোনো উপায় নেই। আমার ধারণা আমরা একটু-একটু করে উন্নতি করছি।”
“বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে আমরা এখানে এসেছি। আমাদের দলের সবাই দ্বিতীয় টেস্টের দিকে সাগ্রহে তাকিয়ে আছে।”
