দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে মার্শাল
প্রথম ইনিংসে ২৫, দ্বিতীয় ইনিংসে ৩১। চট্টগ্রামে প্রথম টেস্টে দুই ইনিংসেই ‘সেট’ হয়েও সংগ্রহটা বড় করতে পারেননি। সেজন্য ভীষণ হতাশ মার্শাল আইয়ুব। তবে হতাশাকে পেছনে ফেলে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো খেলতে উদগ্রীব এই টপ অর্ডার ব্যাটসম্যান।
ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে মিরপুরের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনের আগে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মার্শাল বলেন, “অভিষেক টেস্টে ভালো করার চেষ্টা করেছিলাম। কিন্তু তেমন ভালো খেলতে পারিনি। দ্বিতীয় টেস্টে ভালো খেলার চেষ্টা করবো।”
“তৃতীয় দিন সকালে (প্রথম ইনিংস) খেলতে বেশ সমস্যা হচ্ছিল। সে সময় বল খুব ভালো হচ্ছিল। একটু চাপে পড়ে একটা বাজে শট খেলে আউট হয়েছি। বলটা অনেক বাইরের ছিল। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা উচিৎ ছিল। কিন্তু হঠাৎ কী যে হয়ে গেল!”
প্রথম ইনিংসে কোরি অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে যান মার্শাল। আর দ্বিতীয় ইনিংসে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইশ সোধি।
২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ এই মাঠে খেলেছিলেন মার্শাল।
এ মৌসুমে এখনো মিরপুরে না খেললেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে রান পাওয়ায় দ্বিতীয় টেস্টে ভালো খেলার ব্যাপারে তিনি আশাবাদী। মার্শাল বলেন, “প্রথম টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। আশা করি পরের ম্যাচে রান পাবো।”
যদিও ঘরোয়া ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেটে রান পাওয়া অনেক বেশি কঠিন বলে মনে হচ্ছে মার্শালের। তিনি বলেন, “টেস্টে ভালো বোলারের সংখ্যা বেশি থাকে, তাই খারাপ বল হয় খুব কম। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে প্রায় প্রত্যেক ওভারে দুই/তিনটা বাজে বল হয়।”
ঘরোয়া ক্রিকেটে চার বা পাঁচ নম্বরে খেললেও টেস্টে তিন নম্বরে ব্যাটিং উপভোগ করার কথা জানিয়ে মার্শাল আরো বলেন, “একজন ব্যাটসম্যানের যে কোনো জায়গায় খেলার সক্ষমতা থাকতে হয়। তিন নম্বরে আগেও ব্যাট করেছি, ভালোও করেছি। প্রস্তুতি ম্যাচে ভালো খেলায় আত্মবিশ্বাস বেড়ে গেছে। তিন নম্বরে ব্যাট করা উপভোগ করছি।”
