২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিস্মরণীয় জয়ে সমতায় ভারত

বিরাট কোহলি ও রোহিত শর্মার শতক দ্বিতীয় ওয়ানডেতে অবিস্মরণীয় জয় এনে দিয়েছে ভারতকে। ৩৫৯ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে সহজেই ৯ উইকেটে হারিয়ে ৭ ম্যাচের সিরিজে ১-১ সমতাও নিয়ে এসেছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 10:37 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

ওয়ানডেতে এটা দ্বিতীয়-সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব। সর্বোচ্চ ৪৩৪ রান তাড়া করে জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৬ সালের ১২ মার্চ জোহানেসবার্গে রেকর্ডটা গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

বুধবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রান-বন্যার ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে বিশাল সংগ্রহ এনে দিতে বড় অবদান জর্জ বেইলি ও ফিল হিউজের।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন আগেই। চোট আক্রান্ত মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে ভারত সফরে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া বেইলির ব্যাটে ‘তাণ্ডব’ চলছেই।

প্রথম ম্যাচে ৮৫ রানের পর বুধবার তার অবদান অপরাজিত ৯২। মাত্র ৫০ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৫টি বিশাল ছক্কা।

১০৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান হিউজের ব্যাট থেকে। এই দুজনের সঙ্গে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ (৫৩ বলে ৫০), শেন ওয়াটসন (৫৩ বলে ৫৯) এবং গ্লেন ম্যাক্সওয়েলও (৩২ বলে ৫৩) জ্বলে ওঠায় অতিথি দল পেয়ে যায় ৫ উইকেটে ৩৫৯ রান।

ভারতের মাটিতে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ। জয়পুরেও এটাই ওয়ানডেতে সর্বোচ্চ রান।

তখন কে ভাবতে পেরেছিল, কয়েক ঘণ্টা পর এই রেকর্ড ভেঙ্গে যাবে!

রোহিত ও শিখর ধাওয়ানের ১৫৭ বলে গড়া ১৭৬ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয় ভারতের।

৮৬ বলে ১৪টি চারের সাহায্যে ৯৫ রান করা ধাওয়ানকে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙ্গেন জেমস ফকনার।

কিন্তু রোহিত আর নতুন ব্যাটসম্যান কোহলির ঝড়ো ব্যাটিংয়ে অতিথিদের ব্রেক থ্রু পাওয়ার আনন্দ দূর হতে দেরি হয়নি।

মা্ত্র ৫২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত থেকে যান কোহলি। ওয়ানডেতে এটা সব মিলিয়ে সপ্তম দ্রুততম শতক, তবে ভারতীয়দের মধ্যে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল বীরেন্দর শেবাগের, ২০০৯ সালের মার্চে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬০ বলে।

ষোড়শ শতকের দেখা পাওয়া কোহলির হাতে অবশ্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠেনি। পুরস্কারটা পেয়েছেন তৃতীয় শতক করা রোহিত। তার ১২৩ বলে অপরাজিত ১৪১ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ১৭টি চার ও চারটি ছক্কা।

রোহিত-কোহলির মাত্র ১০৪ বলে অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটির সৌজন্যে ৩৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

তৃতীয় ওয়ানডে হবে ১৯ অক্টোবর, মোহালিতে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫৯/৫ (ফিঞ্চ ৫০, হিউজ ৮৩, ওয়াটসন ৫৯, বেইলি ৯২*, ম্যাক্সওয়েল ৫৩, ভোজেস ১১, হ্যাডিন ১*; বিনয় ২/৭৩, অশ্বিন ১/৫০)

ভারত: ৪৩.৩ ওভারে ৩৬২/১ (রোহিত ১৪১*, ধাওয়ান ৯৫, কোহলি ১০০*; ফকনার ১/৬০)

ম্যাচ সেরা: রোহিত শর্মা।