পাকিস্তানের সামনে জয়ের হাতছানি
খুররম মনজুরের পর অধিনায়ক মিসবাহ-উল-হকও শতক করায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪২ রান করেছে পাকিস্তান। ১৯৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বুধবার তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। ইনিংস হার এড়াতে আরো ১২১ রান প্রয়োজন তাদের।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৩ উইকেটে ২৬৩ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান ২৯০ রানে পৌঁছে দিনের প্রথম উইকেট হারায়।
দ্বিতীয় দিন শেষে ১৩১ রানে অপরাজিত মনজুর বুধবার ১৫ রানের বেশি করতে পারেননি। তাকে জ্যাক ক্যালিসের ক্যাচ বানিয়ে দলকে সাফল্য এনে দেন ভার্নন ফিল্যান্ডার। মনজুরের ২৬৬ বলে খেলা ১৪৬ রানের দারুণ ইনিংস ১৫টি চারে সাজানো।
মনজুরের সঙ্গে ১১২ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর আসাদ শফিকের সঙ্গে ৮২ রানের আরেকটি ভালো জুটি গড়েন মিসবাহ।
টেস্টে অষ্টম অর্ধশতকের দেখা পাওয়া শফিককে (৫৪) আউট করে জুটিটা ভাঙ্গেন জেপি ডুমিনি।
মিসবাহ অবশ্য দায়িত্ব নিয়ে খেলে যাচ্ছিলেন। তবে চতুর্থ টেস্ট শতকে পৌঁছানোর ঠিক পরেই বিদায় নেন তিনি। পাকিস্তান অধিনায়কের ১৮৭ বলে খেলা ১০০ রানের ইনিংসে ৮টি চার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন ডেল স্টেইন ও ফিল্যান্ডার।
দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ ইরফান আলভিরো পিটারসেনকে (১৭) কট বিহাইন্ড করলে অতিথি দলের উদ্বোধনী জুটি ভেঙ্গে যায় ৩৮ রানে।
পাকিস্তানকে দ্বিতীয় উইকেট উপহার দেন সাঈদ আজমল, প্রতিপক্ষ অধিনায়ক গ্রায়েম স্মিথকে (৩২) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে।
জুনায়েদ খানের করা পরের ওভারে আবার ধাক্কা। ৩৮তম জন্মদিনকে বিষাদময় করে তুলে কোনো রান না করে এলবিডব্লিউ হয়ে যান ক্যালিস।
দিনের শেষ ওভারে প্রথম ইনিংসে শতক করা হাশিম আমলাকে বিদায় করে পাকিস্তানের জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল করে তোলেন জুলফিকার বাবর।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৪৯ (আমলা ১১৮, ডুমিনি ৫৭; ইরফান ৩/৪৪, বাবর ৩/৮৯) ও ৭২/৪ (স্মিথ ৩২, পিটারসেন ১৭, আমলা ১০, ক্যালিস ০, ডি ভিলিয়ার্স ১১*, স্টেইন ০*; বাবর ১/০, আজমল ১/২১, জুনায়েদ ১/২২, ইরফান ১/২৯)
পাকিস্তান: ৪৪২ (মনজুর ১৪৬, মাসুদ ৭৫, আজহার ১১, ইউনুস ১, মিসবাহ ১০০, শফিক ৫৪, আদনান ৩২, আজমল ১৩, বাবর ২, জুনায়েদ ৩, ইরফান ০*; ফিল্যান্ডার ৩/৮৪, স্টেইন ৩/৮৮, ডুমিনি ২/৬৮, মরকেল ১/৩৫)
