ক্লার্কের অধিনায়কত্ব নিয়ে ভরসা ছিল না পন্টিংয়ের
যার হাতে অধিনায়কত্ব ছেড়ে দিতে যাচ্ছেন সেই মাইকেল ক্লার্কের উপরই নাকি ভরসা ছিল না রিকি পন্টিংয়ের। পরে অবশ্য অস্ট্রেলিয়ার তখনকার সহ-অধিনায়ককে নিয়ে তার ধারণা পাল্টায়।
আত্মজীবনী ‘অ্যাট দ্য ক্লোজ অব প্লে’তে এ কথা উল্লেখ করেছেন পন্টিং। স্থানীয় পত্রিকা হেরাল্ড সানে বইটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
গত দুই বছর ধরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সাফল্য ও ব্যর্থতা দুটোই দেখেছেন মাইকেল ক্লার্ক। তেমন কোনো সমালোচনার মুখেও পড়েনি তার নেতৃত্ব। তবে এক সময় তার নেতৃত্বগুণ নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল সাবেক অধিনায়কের।
ক্লার্ক সম্পর্কে পন্টিং লিখেছেন, “এমন নয় যে, দলের জন্য সে ক্ষতিকর ছিল বা বিশ্বস্ত ছিল না। কিন্তু ম্যাচের পরিকল্পনায় বা দিন শেষের আলোচনায় খুব একটা অংশ নিত না সে। অধিনায়কের কাজ ভাগাভাগি বা দেখাশুনাতেও খুব একটা সে এগিয়ে আসতো না।”
“কোচ টিম নিয়েলসন (অস্ট্রেলিয়ার সাবেক কোচ) এবং আমি অনেকবার তাকে নেতৃত্বে অবদান রাখার আহবান জানিয়েছি। কিন্তু যখনই পাপ (ক্লার্কের ডাকনাম) খারাপ খেলতো অথবা ক্রিকেটের বাইরের জীবনে সে কখনো সমস্যায় পড়তো, সে নিজেকে গুটিয়ে নিত” ঐ সময়ের সহ-অধিনায়ক ক্লার্কের সম্পর্কে যোগ করেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক পন্টিং।
তবে পন্টিংয়ের উত্তরসূরী হিসেবে ক্লার্কের শুরুটা হয়েছিল দারুণ। ক্লার্কের নেতৃত্বে প্রথম সফরেই বাংলাদেশকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাতেও জিতেছিল ওয়ানডে ও টেস্ট সিরিজ। আর ব্যাট হাতে তো এখন তিনি হয়ে উঠেছেন দলটির প্রধান ভরসা।
সেই সঙ্গে ক্লার্ক নিজেকে সফল ও কার্যকর অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। পন্টিংও তাই তার পুরনো মত পাল্টে বলেছেন, “(ক্লার্কের বিষয়ে) হয়ত ওকে নিয়ে অনেকদিন ধরে একটু বেশি দুশ্চিন্তা করার ব্যাপারে আমিই ভুল ছিলাম।”
