২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আগের অ্যাডহক কমিটির ১৩ জনের ১২ জনই আছেন এই কমিটিতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে অ্যাডহক কমিটি।

দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “পরিচালকের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামীতে সবাইকে ভালোভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া যাবে। আজ কোনো কমিটি গঠন করা হয়নি।”

বিপিএলে ম্যাচ পাতানো অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল নিয়ে আলোচনার কথা জানিয়ে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি বলেন, “ট্রাইব্যুনাল প্রধানের নাম মোটামুটি চূড়ান্ত হয়েছে। আগামীকালই (সোমবার) এটা আইসিসির কাছে পাঠিয়ে দিতে পারব।

“এখনই ট্রাইব্যুনাল প্রধানের নাম বলতে চাচ্ছি না। আইসিসির কাছে পাঠানোর পর সবাইকে জানানো হবে। বাকি সদস্যদের নাম ট্রাইব্যুনাল প্রধান ঠিক করবেন।”

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় নাজমুল হাসান বিসিবির পরিচালক হয়েছিলেন। তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করায় একজন পরিচালকের পদ শূন্য হয়েছে।

বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজনের কাছে হেরে গেছেন গাজী আশরাফ হোসেন লিপু। নাজমুল হাসানের শূন্য পদে তার আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি।