২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুল, সোহাগের নৈপুণ্যে ড্র চট্টগ্রাম টেস্ট

সোহাগ গাজী, মমিনুল হকের বীরত্বে চট্টগ্রাম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। রোববার প্রথম টেস্টের শেষ দিন ৪৬ ওভারে ২৫৬ রান করার পেছনে না ছুটে উইকেট সামলে রাখার চেষ্টা করে বাংলাদেশ।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 09:18 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

শেষের দিকে দ্রুতগতিতে ব্যাট চালানো সাকিব আল হাসানের অর্ধ শতক হওয়ার পর ম্যাচের সমাপ্তি ঘোষণা করে দুই দল। ম্যাচের বাকি তখন মাত্র ৪ বল।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে ৩ উইকেটে ১৭৩ রানে। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Image
দ্বিতীয় ইনিংসে আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম ইকবাল।

দ্বিতীয় ইনিংসে আউট হয়ে সাজঘরে ফিরছেন তামিম ইকবাল।

Image
মার্শাল আইয়ুবকে আউট করে নিউ জিল্যান্ড ক্রিকেটারদের উদযাপন।

মার্শাল আইয়ুবকে আউট করে নিউ জিল্যান্ড ক্রিকেটারদের উদযাপন।

পঞ্চম দিনের মন্থর ও নিচু উইকেটে ৪৮ ওভারে ২৫৬ রান কঠিন। তবে সে চেষ্টায় আর যায়নি বাংলাদেশ। যতটা সম্ভব ব্যাটিং অনুশীলনের চেষ্টা করেন স্বাগতিক ব্যাটসম্যানরা। তাতেও খুব একটা সফল বলা যাবে না। প্রথম ইনিংসে ৩ রান করা এনামুল হক দ্বিতীয় ইনিংসে বাজে শট খেলে বিদায় নেয়ার আগে করেন ১৮ রান।

৩০ ও ৪০ রানে দুবার জীবন পাওয়া তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪৬ রান। ৮টি চার হাঁকালেও স্বভাবসুলভ ব্যাটিং করেননি প্রথম ইনিংসে রান না পাওয়া এই ব্যাটসম্যান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেট হয়ে আউট হয়েছেন অভিষিক্ত মার্শাল আইয়ুব। ৬৫ বলে ১টি করে ছক্কা ও চারের সাহায্যে ৩১ রান করেন তিনি।

প্রথম ইনিংসে শতকের দেখা পাওয়া মমিনুল হককে (অপরাজিত ২২) নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ব্যর্থ সাকিব অপরাজিত থাকেন ৫০ রানে।

ড্রয়ের দিকে এগুতে থাকা টেস্টের কিছুটা প্রাণ ফেরানোর কৃতিত্ব সোহাগ গাজীর। প্রথম ইনিংসে শতকের পর হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংস একাই ধসিয়ে দেন এই অফস্পিনার।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট ও শতক করার কৃতিত্ব দেখালেন সোহাগ। তার এই চমকের পর ইনিংস ঘোষণা করেন নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শতক করা ও পাঁচ উইকেট পাওয়ার অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সোহাগ। ২০১১ সালে ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১১৭ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। কেন উইলিয়ামসনের সঙ্গে আগের দিনের ৬৯ রানের জুটিকে ১০১ পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন পিটার ফুলটন। প্রথম ইনিংসে ৭৩ রান করা এ দীর্ঘদেহী উদ্বোধনী ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম আঘাত হানেন সোহাগ।

Image
সোহাগের বলে বোল্ড ম্যাককালাম।

সোহাগের বলে বোল্ড ম্যাককালাম।

Image
উইলিয়ামসনকে আউট করে সোহাগ গাজীর উচ্ছ্বাস।

উইলিয়ামসনকে আউট করে সোহাগ গাজীর উচ্ছ্বাস।

প্রথম ইনিংসে শতরান করা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসেও সেদিকে যাচ্ছিলেন। রস টেইলরের সঙ্গে তার ৫১ রানের জুটি ভাঙ্গায় ভাগ্যেরও একটু সহায়তা পেয়েছেন সোহাগ। তার খাটো লেন্থের বল সজোরে ব্যাট চালিয়েছিলেন উইলিয়ামসন। শর্ট লেগে থাকা এনামুল হক নিজের মুখ বাঁচাতে গিয়ে ক্যাচ ধরার চেষ্টাই করতে পারেননি। কিন্তু বল এনামুলের দু’পায়ের মাঝখানে আটকে গিয়ে ক্যাচ। ৭৪ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে রস টেইলের বিপজ্জনক হয়ে উঠা ৫০ রানের জুটিও থেমে যায় সোহাগের ঘূর্ণিতে। ৬ বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে অস্বস্তিতে ফেলেন তিনি। ৮৩ ওভারের পঞ্চম বলে বোল্ড করেন ম্যাককালামকে (২২)।

পরের ওভারে ফিরে ইতিহাসের পাতায় নিজের নাম পাকা করে ফেলেন পটুয়াখালীর এই তরুণ স্পিনার। দ্বিতীয় বলে অভিষিক্ত কোরি অ্যান্ডারসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

Image
সোহাগের হ্যাটট্রিকের পর উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা

সোহাগের হ্যাটট্রিকের পর উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা

Image
হ্যাটট্রিকের পর ছুটছেন সোহাগ।

হ্যাটট্রিকের পর ছুটছেন সোহাগ।

পরের বলে প্রথমে ইনিংসে শতক হাঁকানো ওয়াটলিং এবার কোনো রান না করেই মুশফিকের তৃতীয় প্রচেষ্টার ক্যাচে পরিণত হন।

হ্যাটট্রিকের সম্ভাবনায় ডগ ব্রেসওয়েলকে ঘিরে ধরে মুশফিক বাহিনী। তার ব্যাটের কানায় লাগার পর মুশফিকের প্যাডে লেগে উপরে ওঠা বল ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করে সোহাগকে ইতিহাসের পাতায় নিয়ে যান সাকিব।

Image
বলটি উচিয়ে ধরতেই পারেন সোহাগ গাজী। শতকের পর হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন তিনি।

বলটি উচিয়ে ধরতেই পারেন সোহাগ গাজী। শতকের পর হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন তিনি।

Image
ম্যাচ সেরা সোহাগ গাজী।

ম্যাচ সেরা সোহাগ গাজী।

টেস্টে এটি কোনো বাংলাদেশী বোলারের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি।

৩ উইকেটে ২৫০ থেকে ৭ উইকেটে ২৬০ রানে পরিণত হওয়া নিউ জিল্যান্ড এরপর বেশিক্ষণ ব্যাট করেনি। ২৮৭ রান করার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক ম্যাককালাম। সে সময় টেইলর ৫৪ ও ইশ সোধি ২২ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রান। দিনের খেলা তখন হওয়ার কথা কমপক্ষে ৪৬ ওভার।

৭৭ রানে ৬ উইকেট নিয়ে সোহাগই বাংলাদেশের সেরা বোলার। অসাধারণ এক শতক ও ম্যাচে ৮ উইকেটের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

২০০৬ সালের জানুয়ারিতে ফয়সালাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ২৭টি ছক্কা হয়েছিল। এই ম্যাচে সেই রেকর্ড স্পর্শ করেছেন সাকিব, ম্যাককালামরা।

শনিবার প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ ঘন্টার খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় রোববার নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে সকাল নয়টায় খেলা শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৪৬৯ (উইলিয়ামসন ১১৪, ওয়াটলিং ১০৩, ফুলটন ৭৩, বোল্ট ৫২*; রাজ্জাক ৩/১৪৭) ও ২৮৭/৭ ডিক্লে. (ফুলটন ৫৯, রাদারফোর্ড ৩২, উইলিয়ামন ৭৪, টেইলর ৫৪*, ম্যাককালাম ২২, অ্যান্ডারসন ৮, ওয়াটলিং ০, ব্রেসওয়েল ০, সোধি ২২*; সোহাগ ৬/৭৭, নাসির ১/২০)

বাংলাদেশ: ৫০১ (মমিনুল ১৮১, সোহাগ ১০১*; ব্রেসওয়েল ৩/৯৬) ও ১৭৩/৩ (তামিম ৪৬, এনামুল ১৮, মার্শাল ৩১, মমিনুল ২২*, সাকিব ৫০*; মার্টিন ২/৬২, সোধি ১/৫৭)

ম্যান অব দ্য ম্যাচ: সোহাগ গাজী।