সোহাগের উচ্ছ্বাস, সোহাগের স্বপ্ন
প্রথম টেস্ট শতকের দেখা পেয়ে উচ্ছ্বসিত সোহাগ গাজী। প্রথম টেস্ট ড্রয়ের পথে এগোলেও তার চোখে জয়ের স্বপ্ন।
টেস্টে তার আগের সর্বোচ্চ রান ছিল ৩২, গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে। শনিবার অর্ধশতক পেরিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে স্বাভাবিকভাবেই সোহাগের কণ্ঠে আনন্দের লহরী।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শতক পেয়ে ভীষণ ভালো লাগছে। জাতীয় লিগে যেভাবে ব্যাট করি আজ সেভাবেই ব্যাট করার চেষ্টা করেছি।”
প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি শতক আছে সোহাগের। বিশেষজ্ঞ অফস্পিনার হলেও ব্যাটিংয়ের এক অনন্য রেকর্ড তার অধিকারে। গত জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন তিনি। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দ্রুততম শতক।
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। এবার তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-প্রস্তুতিতেও জোর দিয়েছিলেন সোহাগ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবার ব্যাট করতে নেমেই সাফল্য পেয়ে তিনি তাই ভীষণ তৃপ্ত। সোহাগ বলেন, “দলের সবাই বলে আমি ভালো ব্যাট করতে পারি। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এবার ব্যাটিংয়ে জোর দিয়েছিলাম। অনেক পরিশ্রম করেছি, তার সুফলও পেয়েছি।”
“প্রথম টেস্টে বোলিং মোটামুটি হলেও ব্যাটিংয়ে আমি সন্তুষ্ট। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
শতকে পৌঁছানোর পর একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেন সোহাগ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক পেয়ে এমনিতেই একটু উত্তেজিত ছিলাম। আর ১০০ করার অনুভূতির তো কোনো তুলনাই হয় না।”
শতক থেকে যখন মাত্র চার রান দূরে, তখন ১০ নম্বর ব্যাটসম্যান রবিউল ইসলামের বিদায় তাকে উৎকণ্ঠায় ফেলে দিয়েছিল। তবে শেষ ব্যাটসম্যান রুবেল হোসেনের সহায়তায় দুশ্চিন্তা কাটিয়ে শতক পেয়ে যান সোহাগ।
সেজন্য রুবেলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রুবেল আমাকে বলছিল আমার ১০০র জন্য সে খেলছে। আমিও বলেছি, তুমি যতক্ষণ আছ আমি ততক্ষণই চেষ্টা করবো। সে অনেক সহায়তা করেছে।”
সব শেষে সোহাগ জানান, রোববার শেষ দিনে বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে জয়ের সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশ।
তিনি বলেন, “আমরা জয়ের যথাসাধ্য চেষ্টা করবো। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব ওদের অলআউট করা। অবশ্য উইকেটে বোলারদের জন্য কিছু নেই। এই উইকেটে কোনো ব্যাটসম্যান সোজা ব্যাটে খেললে তাকে আউট করা খুবই কঠিন। তারপরও আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।”
