ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণদের বিরাট জয়
বাঁহাতি স্পিনারদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৮৮ রানে অলআউট করে ১৯৮ রানে জিতেছে বাংলাদেশের তরুণরা।
ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয় গেল বাংলাদেশ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ।
মাত্র পাঁচ রানের জন্য শতক বঞ্চিত হলেও দলকে বড় সংগ্রহের ভিত দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম (৯৫)।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান আগের ম্যাচের সেরা খেলোয়াড় উইকেটরক্ষক জসিম উদ্দিনের। এছাড়া মোসাদ্দেক হোসেন ৩২, নাজমুল হোসেন ২৫ ও মেহেদি হাসান মিরাজ ২২ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের তারিক গ্যাব্রিয়েল ৫১ রানে ৩ উইকেট নেন।
জবাবে ১৮.৩ ওভারেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১৭ রান সিমরন হেটমায়ার ও জেরেমি সোলোজানোর।
তিন বাঁহাতি স্পিনার যুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস ও নিহাদুজ্জামানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর উইকেট হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিক করা যুবায়ের ৭ রানে নেন তিন উইকেট।ফেরদৌস ৯ রানে তিনটি ও নিহাদ ২১ রানে ২ উইকেট নেন।
সিরিজের পরের চারটি ম্যাচ ১৪, ১৬, ১৯ ও ২১ অক্টোবর।
