২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। জাতীয় ক্রীড়া পরিষদের (এএনএসসি) সভাকক্ষে সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্র্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 08:53 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

সভাপতি পদ থেকে সাবের হোসেন চৌধুরী সরে দাঁড়ানোয় এই নির্বাচনের অবশ্য তেমন আকর্ষণ নেই। সাবের হোসেনের অনুপস্থিতিতে শুক্রবার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নাজমুল হাসান।

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চার পরিচালকের নাম ঘোষণা করেন।

কাউন্সিলরদের ভোটে নির্বাচিত চার পরিচালক হলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং মঞ্জুর কাদের ও সাইফুল আলম।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯ জন পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় তাদের সঙ্গে যোগ দেবেন আরো তিন পরিচালক।

শুক্রবার বিকেল চারটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো নির্বাচিত সভাপতি পাবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরিতে ঢাকা বিভাগে ১৮ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জন ভোট দিয়েছেন। ঢাকা বিভাগে দুটি পদের জন্য প্রার্থী ছিলেন তিন জন। অর্থাৎ প্রত্যেকে দুটি করে ভোট দিয়েছেন। এই লড়াইয়ে নাঈমুর রহমান দুর্জয় (১৬ ভোট) ও মঞ্জুর কাদেরের (১৩) সঙ্গে পেরে ওঠেননি মির্জা জিল্লুর রহমান (৫)। নির্বাচনের পর দুর্জয় বলেন, “নির্বাচিত হওয়ায় কাজের পরিধি বাড়বে। আমার লক্ষ্য থাকবে বাংলাদেশকে অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো শক্তিশালী করে গড়ে তোলা, ক্রিকেটকে আরো এগিয়ে নেয়া।” ‘এ’ ক্যাটাগরিতে রাজশাহী বিভাগ থেকে মাত্র এক ভোটে রাফিউস শামসকে (৪) হারিয়েছেন সাইফুল আলম (৫)। ভোট দিয়েছেন ৯ কাউন্সিলরের সবাই। সবচেয়ে উত্তেজনা ছিল ‘সি’ ক্যাটাগরিতে গাজী আশরাফ হোসেন লিপু ও খালেদ মাহমুদ সুজনের লড়াইকে ঘিরে। জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের লড়াইয়ে লিপুকে (১৮) হারিয়ে দিয়েছেন সুজন (২৫)।