সিরিজ জয়ে নেতৃত্ব দিতে চান মুশফিক
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার আশা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ লক্ষ্যে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চান তিনিই নিজেই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “সিরিজ জয়ের লক্ষ্য তো অবশ্যই আছে। প্রতিটি ম্যাচই আমরা জয়ের জন্য খেলব। আমার মনে হয় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের জন্য যা করণীয় তা আমরা করব এবং সেভাবে প্রস্তুতি নেব।”
দলের সবাই ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে উল্লেখ করে মুশফিক বলেন, “আমরা জানি, ফল পেতে হলে সবাইকে নিজের সেরা ক্রিকেট খেলতে হবে। ব্যক্তিগত সাফল্যই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দলের জয়ে আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাইবো।”
২০১০ সালে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে রাখছে বলে মনে করেন মুশফিক।
“ওটা নিয়ে আমরা অনুপ্রাণিত তবে সত্যিটা হচ্ছে টেস্ট ভিন্ন ঘরানার খেলা। আর অনেকদিন পর টেস্ট খেলছি বলে ওদের সঙ্গে নয়, আমাদের মূল চ্যালেঞ্চ, নিজেদের সঙ্গে।”
প্রত্যাশার চাপে ভেঙে পড়তে নারাজ বাংলাদেশ অধিনায়ক, “আমাদের ওপর সব সময়ই প্রত্যাশার চাপ থাকে। গত এক দেড় বছর ধরে ঘরোয়া ক্রিকেটে আমরা ভালো খেলছি। আমার মনে হয় ক্রিকেটাররা আগের চেয়ে অনেক পরিণত এবং ব্যক্তিগতভাবে নিজের করণীয়, দায়িত্ব সম্পর্কে আগের চেয়ে তারা ভালো জানে।”
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন উইকেট নিয়ে মোটেও চিন্তিত নন মুশফিক।
“যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে ওদের তিনগুণ হবে। আশা করি, দ্রুত উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবো।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেশ কয়েকটি টেস্ট শেষ মুহূর্তে হেরে গেছে এবার প্রতিটি সেশনে ধারাবাহিকভাবে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের।
নিউ জিল্যান্ডের বিপক্ষে বরাবরই সফল সাকিব আল হাসান। এবারো সাকিবই হতে পারেন মুশফিকের প্রধান অস্ত্র। চোটের কারণে গত দেড়মাসে কেবল একটি ওয়ানডে ম্যাচ খেললেও সাকিবের ওপর আস্থার কথা জানালেন মুশফিক।সাকিব এই সিরিজেও তিন বছর আগের মতো নৈপুণ্য দেখাবেন বলে আশাবাদ তার।
