নিউ জিল্যান্ড পেসারদের সামলাতে জোর প্রস্তুতি
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাঁহাতি পেসারদেরই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মানছে বাংলাদেশ। স্বাগতিকদের অনুশীলনে নেটে এবার তাই বাঁহাতি পেসারই বেশি।
ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার আর কোরি অ্যান্ডারসনদের সামলাতে ঢাকায় অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসারদের বিপক্ষে অনুশীলন করতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু ইংল্যান্ড থেকে তিন পেসারই চোট নিয়ে ফেরায় সেই পরিকল্পনা কাজে লাগেনি।
চট্টগ্রামে এসে সিরিজ শুরুর আগে নেটে স্থানীয় বাঁহাতি পেসারদের বিপক্ষে লম্বা সময় ধরে ব্যাট করে অভ্যস্থ হয়ে নিতে চাইছেন ব্যাটসম্যানরা।
গুরুত্বটা বুঝতে পেরেছেন বাঁহাতি পেসাররাও। নিউ জিল্যান্ডের অনুশীলনে সারাক্ষণ তাদের চোখ অনুসরণ করে বোল্ট, ওয়াগনার, অ্যান্ডারসনদের। পরদিনের অনুশীলনে সেভাবেই মুশফিক, সাকিব, নাঈম, মার্শাল, মমিনুলদের বল করার চেষ্টা করেন তারা।
নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, "ওদের বাঁহাতি পেসাররাই মূল চ্যালেঞ্জ। তারই প্রস্তুতি হিসেবেই নেটে বাঁহাতি পেসারদের বেশি খেলছে ওরা। নিউ জিল্যান্ডের পেসারদের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা নেই। তবে ভিডিও ফুটেজ দেখে ওদের সম্পর্কে ধারণা নিচ্ছে ব্যাটসম্যানরা।"
