বিসিবি নির্বাচন: ৩৮ জন প্রার্থীই ‘বৈধ’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কোনো মনোনয়নপত্র বাতিল হয়নি। তাই এই নির্বাচনে ৩৮ জন প্রার্থীকেই বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার রিটার্নিং অফিসার সৈয়দা আরজুমা আক্তার জানান, যাচাই-বাছাইয়ে সব মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে।
সোমবার মনোনয়নপত্রের ওপর আপত্তি শুনানি হবে। পরদিন প্রত্যাহার এবং সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেয়া হবে। ১০ অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটের পর সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের আ জ স নাছির ও আকরাম খান, খুলনার শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, বরিশালের এম এ আউয়াল চৌধুরী ভুলু, সিলেটের শফিউল আলম চৌধুরী নাদের এবং রংপুরে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে নির্বাচনে গঠনতন্ত্র লঙ্ঘনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর করা আবেদনের শুনানি হবে রোববার। বৃহস্পতিবার সাবের চৌধুরীর আবেদন আমলে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়।
