বাংলাদেশে ব্যাট করা খুব কঠিন: উইলিয়ামসন
বাংলাদেশকে জড়িয়ে তার অম্ল-মধুর স্মৃতি। তিন বছর আগে বাংলাদেশ সফরেই জীবনের প্রথম ওয়ানডে শতকের দেখা পেয়েছিলেন কেন উইলিয়ামসন। যদিও ঐ ম্যাচ তো বটেই, সেবার চারটি ম্যাচেই হার মেনেছিল নিউ জিল্যান্ড। সেই দুঃসহ অভিজ্ঞতা থেকে নিউ জিল্যান্ডের এই ডান হাতি ব্যাটসম্যান মনে করেন, বাংলাদেশে ব্যাট করা খুব কঠিন।
নিউ জিল্যান্ড ক্রিকেটের জন্য লজ্জাজনক ঐ সফরের মাত্র দুই মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। তবে স্বদেশের ক্রিকেটের টাল-মাটাল পরিস্থিতিতে মাত্র ২৩ বছর বয়সেই তিনি দলের সহ-অধিনায়ক।
তিন বছর আগের শতকের স্মৃতি এখনো আপ্লুত করলেও বাংলাদেশে ব্যাট করা যে ভীষণ কঠিন, তা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই উইলিয়ামসনের।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, “বাংলাদেশে ব্যাট করা খুব কঠিন। অবশ্য এমন কন্ডিশনে ব্যাট করে আমি অভ্যস্ত। পৃথিবীর অনেক দেশে ভিন্ন-ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে আমার। তবে আমরা যে ধরনের কন্ডিশনে খেলতে অভ্যস্ত বাংলাদেশের কন্ডিশন তার চেয়ে ভিন্ন।”
“এবারের সফরে আমার লক্ষ্য যত বেশি সম্ভব রান করা। তবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়ে অবদান রাখা। ঘরের মাঠে বাংলাদেশ ভীষণ শক্তিশালী দল। তাই জিততে হলে আমাদের সেরাটা ঢেলে দিতে হবে।”
ওয়ানডে খেললেও বাংলাদেশের মাটিতে এখনো কোনো টেস্ট খেলেননি। বাংলাদেশে প্রথম টেস্ট খেলার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তাই উইলিয়ামসন রোমাঞ্চিত।
তিনি বলেন, “আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটার এখানে টেস্ট খেলেনি। তাই আমাদের সবার জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। গতবারের অভিজ্ঞতা নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমাদের জন্য আশার কথা, দলের কয়েক জনের বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।”
৯ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়ায় ভীষণ হতাশ নিউ জিল্যান্ডের সহ-অধিনায়ক।
তিনি বলেন, “এটা খুব হতাশাজনক। তবে ছেলেরা খেলার মধ্যে ছিল। শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে কয়েক জন বেশ কিছু ম্যাচ খেলে এসেছে। এই ম্যাচটি খেলতে পারলে খুব ভালো হতো। কিন্তু তা সম্ভব হল না। আউটফিল্ড খেলার উপযোগী ছিল না।”
তবে প্রস্তুতির জন্য এটাকে কোনো অজুহাত হিসেবে দেখতে রাজি নন উইলিয়ামসন। সামনের কয়েক দিন কাজে লাগানোর আশা জানিয়ে তিনি বলেন, “আমাদের আগামী কয়েক দিন ভালো প্রস্তুতি নিতে হবে। এই সময়টা কাজে লাগাতে হবে।”
