২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে দ্রাবিড়ের রাজস্থান

ভারতীয় ব্যাটিং কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের ক্রিকেট জীবনের শেষ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে রাজস্থান রয়্যালস। শুক্রবার চ্যাম্পিন্স লিগ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে আইপিএল রানার্সআপ চেন্নাই সুপার কিংসকে ১৪ রানে হারিয়েছে তার দল রাজস্থান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:08 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

এই টুর্নামেন্ট শেষেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেবেন ‘দ্য ওয়াল’ নামে খ্যাত দ্রাবিড়। ৮ বলে ১টি চারের সাহায্যে ৫ রান করে তিনি বিদায় নিলেও সহজ জয়ই পেয়েছে আইপিএলে তৃতীয় স্থানে থাকা দলটি।

সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজস্থান।

৬২ রানে ৩ উইকেট হারানো রাজস্থানকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন অজিঙ্কা রাহানে (৫৬ বলে ৭০)। শেন ওয়াটসনের (২৩ বলে ৩২) সঙ্গে তার ৩৭ বলে গড়া ৫৯ রানের ভালো জুটির সুবাদে দেড়শ পেরুয় স্বাগতিকরা।

২৬ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার ডোয়াইন ব্রাভো। বিশতম ওভারে চার বলের মধ্যে রাহানে, স্টুয়ার্ট বিন্নি ও দিশান্ত ইয়াগনিককে সাজঘরে ফেরত পাঠান তিনি।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

১৩তম ওভারে ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে চেন্নাই। এরপর দারুণ একটা চেষ্টা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (২৮ বলে ৪৬) ও ক্রিস মরিস (১৭ বলে অপরাজিত ২৬)। কিন্তু ৪৩ বলে গড়া তাদের ৭১ রানের জুটিও ১৪ রানে ব্যবধান ঘুচাতে পারেনি।

ঘরের মাঠে রাজস্থানের টানা ত্রয়োদশ জয়ে বড় ভূমিকা প্রভিন থামবের। মাত্র ১০ রানে ৩ উইকেট নেন ৪২ বছর বয়সী এই লেগস্পিনার।

দুই কিংবদন্তীর শেষের শুরুতে মুখোমুখি হয়েছিলেন শচীন টেন্ডুলকার ও দ্রাবিড়। ফাইনালেও দেখা হতে পারে তাদের। তার জন্য অবশ্য শনিবার দিল্লিতে দ্বিতীয় সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে জিততে হবে টেন্ডুলকারের দল মুম্বাইকে।