২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বিশ্বকাপে টেন্ডুলকারের ‘বাজি’ ভারত

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক ৫০০ দিন। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের বিশ্বাস, বিশ্ব সেরার মর্যাদা ধরে রাখবে মহেন্দ্র সিং ধোনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মাটিতে হবে বিশ্বকাপের একাদশ আসর।

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলেছেন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে এখনও খেলা চালিয়ে গেলেও গত ডিসেম্বরে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

ক্রিকেটের সেরা টুর্নামেন্টে ধোনিদের সাফল্য প্রত্যাশা করে বুধবার টেন্ডুলকার বলেন, “ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও পাকিস্তান ভালো দল। তবে আমি ভারতের পক্ষে। আমি চাই ওরা ভালো করুক। (ভারত চ্যাম্পিয়ন হলে) দারুণ ব্যাপার হবে, পুরো জাতি খুশির জোয়ারে ভেসে যাবে।” “এটাই আমার চাওয়া, ঠিক যেমন আশা করে (ভারতের) শত কোটি মানুষ,” যোগ করেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান ও শতকের মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি শতক করা টেন্ডুলকারের প্রত্যাশা পূরণ হলে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটো বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়বে ভারত। বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত বিশ্বকাপে পুল ‘বি’তে খেলবে। ১৫ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।