এক ওভারে ৩৯ রান!
এক ওভারে ৩৯ রান নিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন এল্টন চিগুম্বুরা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিং এবং অফস্পিনার আবুল বাশারের দারুণ বোলিং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ২৮ রানের জয় এনে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
প্রতিযোগিতামূলক ওয়ানডেতে এক ওভারে ৩৬ রান নেয়ার আগের রেকর্ড ছিল হার্শেল গিবসের। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগস্পিনার ডান ফন বুঙ্গার ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। সমান ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে ১২ দলের লিগে আবাহনীর অবস্থান দশম। ঢাকা লিগের সফলতম দলটির এটা টানা চতুর্থ হার।
আগের দিন বৃষ্টিতে শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী না থাকায় মঙ্গলবার ‘রিজার্ভ ডে’তে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮২ রান করে শেখ জামাল।
৫৪ বলে ৫টি বিশাল ছক্কা ও চারটি চারের সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করে অপরাজিত থাকেন চিগুম্বুরা। এই ইনিংস খেলার পথে মিডিয়াম পেসার আলাউদ্দিন বাবুর করা শেষ ওভারে রেকর্ডটা গড়েন তিনি।
