২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর টানা তৃতীয় হার

দুঃসময় কাটছেই না ঢাকার ক্রিকেটের অন্যতম পরাশক্তি আবাহনী লিমিটেডের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে শেষ বলে হেরে যাওয়ার পর এবার নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির কাছেও হার মেনেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে আবাহনীর হার ৮ উইকেটে।

টানা তৃতীয় পরাজয় লিগে নবম স্থানে নামিয়ে দিয়েছে আবাহনীকে। চার ম্যাচ থেকে ঢাকা লিগের সফলতম দলের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।

সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির অবস্থান সপ্তম।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা পরে শুরু হওয়ায় খেলার দৈর্ঘ্য নেমে আসে ৩৪ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করে আবাহনী।

৮৯ রানে চার উইকেট হারানো আবাহনীকে দু শ’ রানের কাছাকাছি নেয়ার কৃতিত্ব মোসাদ্দেক হোসেন ও শ্রীলঙ্কার থিলিনা কান্দাম্বির। পঞ্চম উইকেটে ৬৬ বলে ৮২ রানের জুটি গড়েন দুজনে। মোসাদ্দেক ৬২ রান করে বিদায় নিলেও ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন কান্দাম্বি। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার দেওয়ান সাব্বির। জবাবে ১৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান। হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে মিজানুর রহমানের ১৬৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে কলাবাগান অ্যাকাডেমির সহজ জয়ের ভিত রচিত। দলীয় ১৮১ রানে মিজানুর (৯১) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন মাসাকাদজা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে।