ঢাকায় নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা
ঢাকা এসে পৌঁছেছেন নিউ জিল্যান্ড টেস্ট দলের কয়েক জন ক্রিকেটার ও কর্মকর্তা। আগামী কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভাগে আসবেন দলের বাকি সদস্যরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ১৩ সদস্যের প্রথম দলটি। দুপুর দুইটার মধ্যে তারা হোটেল সোনারগাঁওয়ে পৌঁছে যান।
নিউ জিল্যান্ডের ১৫ সদস্যের টেস্ট দলের সঙ্গে থাকছেন ১০ জন্য কর্মকর্তা। টেস্ট দলে থাকা কয়েকজন শ্রীলঙ্কায় নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলছেন। আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ওটাগো ভোল্টসের হয়ে খেলছেন টেস্ট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, হ্যামিশ রাদারফোর্ড ও নিল ওয়াগনার। তাদের আসা নির্ভর করবে টুর্নামেন্টে ওটাগোর অগ্রগতির উপর। টুর্নামেন্টের ফাইনাল ৬ অক্টোবর।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড দল। প্রথম টেস্টের ভেন্যু চট্ট্রগাম বুধবারের যাবে সেদিন পর্যন্ত আসা ক্রিকেটার ও কর্মকর্তারা।
৯ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ৪ থেকে ৬ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।
২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
২৯ ও ৩১ অক্টোবর শের-ই-বাংলাতেই হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। আইসিসির অনুমোদন পেলে ৬ নভেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হবে একমাত্র টি-টোয়েন্টি।
নিউ জিল্যান্ডের টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, টম লেইদাম, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
