চ্যাম্পিয়ন্স লিগ থেকে হায়দ্রাবাদের বিদায়
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে আইপিএল দল সানরাজার্স হায়দ্রাবাদ। সোমবার ব্রিসবেন হিটের বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাছাই পর্ব পেরিয়ে আসা দলটির।
দিনর অপর ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে টাইটান্সকে ৬ রানে হারিয়ে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের দল ত্রিনিদাদ ও টোবাগো।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান করে ত্রিনিদাদ ও টোবাগো।
দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ইভিন লুইসের (৩৫ বলে ৭০) সঙ্গে ড্যারেন ব্রাভোর (৪৪ বলে ৬৩) ১০৯ রানের জুটি দলকে বড় এই সংগ্রহের ভিত গড়ে দেয়। তাদের বিদায়ের পর দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যান নাভিন স্টুয়ার্ট (১৫ বলে ২৩)।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে মার্চেন্ট ডি ল্যাঙ্গ টাইটান্সের সেরা বোলার।
জবাবে ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইটান্স ১৫৩ রান করার পর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি। এ সময় জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দলটির প্রয়োজন ছিল ১৫৯ রান।
অধিনায়ক হেনরি ডেভিডসের ব্যাট থেকে আসে টাইটান্সের সর্বোচ্চ ৪২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক রুডলফের।
ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে সুনীল নারায়ণ ও লেন্ডল সিমন্স দুটি করে উইকেট নেন।
সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে থাকা ত্রিনিদাদ রান রেটে পেছনে ফেলেছে টাইটান্সকে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা দল দুটি।
বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় ম্যাচের টসই সম্ভব হয়নি। তাই ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিদায় নিতে হল শিখর ধাওয়ানের দলকে।
