২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের ব্যাটিং, শনের বোলিংয়ে ব্রাদার্সের জয়

প্রথমে শন উইলিয়ামসের বোলিং আর পরে তামিম ইকবালের ব্যাটিং নৈপুণ্যে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 05:03 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

তামিম ইকবালের ঝড়ো গতির ৯৫ রানে সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ব্রাদার্স জেতে ৯ উইকেটে। এর আগে জিম্বাবুয়ের স্পিনার শন উইলিয়ামসের ৭ উইকেটে ১৪৮ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৩৪ ওভারে। তবে টস হেরে ৩২ ওভার ১ বলেই অলআউট হয়ে যায় আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে চমকে দেয়া কলাবাগান।

জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার উইলিয়ামস ২৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। এছাড়া দুটি চমৎকার ক্যাচও নিয়েছেন তিনি।

Image
বাঁহাতি স্পিনার উইলিয়ামস ২৫ রান দিয়ে নেন ৭ উইকেট। ছবি: বিসিবি

বাঁহাতি স্পিনার উইলিয়ামস ২৫ রান দিয়ে নেন ৭ উইকেট। ছবি: বিসিবি

একমাত্র তালহা যুবায়েরের আউটেই কোনো অবদান নেই উইলিয়ামসের। এই পেসারকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

উনিশতম ওভারের শেষ দুই বলে উইলিয়ামসের বলে ক্যাচ দেন স্বদেশি হ্যামিল্টন মাসাকাদজা ও সগির হোসন। একুশতম ওভারের প্রথম বলে আরেক স্বদেশি সিকান্দার রাজাকে বোল্ড করে লিগের তৃতীয় হ্যাটট্রিকটি করেন উইলিয়ামস।

এর আগে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন পেসার রুবেল হোসেন ও তাপস বৈশ্য।

কলাবাগানের সর্বোচ্চ ৩৯ রান মাসাকাদজার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে শরীফ উল্লাহর ব্যাট থেকে।

জবাবে ২২ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

দলীয় ২৫ রানে ইমতিয়াজ হোসেন (১৪) রান আউট হওয়ার পর বড় ভাই নাফিস ইকবালের (৩৬) সঙ্গে তামিম ইকবালের ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় ব্রাদার্সকে।

৭টি ছক্কা ও ৬টি চারে ৬৫ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম।

পাঁচ খেলায় টানা চতুর্থ জয় পাওয়া ব্রাদার্সের পয়েন্ট আট। মৌসুমের আরেক চমক জাগানো দল প্রাইম দোলেশ্বরের পয়েন্ট আট হলেও রানরেটের হিসেবে দ্বিতীয় স্থানে আছে তারা।