রান-বন্যার লড়াইয়ে চেন্নাইয়ের জয়
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার ঝড়ো ব্যাটিংয়ের ওপরে ভর করে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১২ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে চেন্নাই। হায়দ্রাবাদ, ত্রিনিদাদ ও টোবাগো এবং টাইটান্সের পয়েন্ট চার করে। ব্রিসবেন হিট এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে চেন্নাই।
৫৭ বলে ৯টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান রায়নার। ধোনি তার চেয়ে ২১ রান কম করলেও চেন্নাই অধিনায়কের ইনিংস এক কথায় অনবদ্য।
রাঁচির ‘ঘরের ছেলে’র অপরাজিত ৬৩ রান এসেছে মাত্র ১৯ বলে, ৩৩১.৫৮ স্ট্রাইক রেটে! এর মধ্যে ছিল ৮টি বিশাল ছক্কা ও একটি চার। ভক্তদের উন্মাতাল করে থিসারা পেরেরার করা অষ্টাদশ ওভারে পাঁচ ছক্কায় ৩৪ রান তুলে নেন ধোনি।
জবাব দিতে নেমে পার্থিব প্যাটেল (২৮ বলে ৩৭) ও অধিনায়ক শিখর ধাওয়ানের (৩৪ বলে ৪৮) ৯.২ ওভার স্থায়ী ৮৭ রানের উদ্বোধনী জুটি হায়দ্রাবাদকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল।
এই দুজনের বিদায়ের পর ড্যারেন স্যামি (২৫ বলে পাঁচ ছক্কায় ৫০) অনেক চেষ্টা করলেও ৭ উইকেটে ১৯০ রানের বেশি করতে পারেনি হায়দ্রাবাদ।
ব্যাট হাতে সাফল্যের পর জেপি ডুমিনির উইকেট নিয়ে এবং প্যাটেলকে নিজের বলেই রান আউট করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন রায়না।
