২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটান্স ও হায়দ্রাবাদের জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার টাইটান্স ও স্বাগতিক ভারতের সানরাইজার্স হায়দ্রাবাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 01:23 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মোহালিতে দিনের প্রথম ম্যাচে টাইটান্স নাটকীয়ভাবে ৪ রানে ব্রিসবেন হিটকে হারিয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে ১২৩ রানে অলআউট হয়ে যায় টাইটান্স।

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক হেনরি ডেভিডসের। হাইনো কুন ৩১ ও এবি ডি ভিলিয়ার্স ২৮ রান করেন।

মাত্র ১০ রানে চার উইকেট নিয়ে ব্রিসবেনের সবচেয়ে সফল বোলার ডানহাতি পেসার ম্যাথিউ গেল।

জবাবে ইনিংসের শেষ বলে ১১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের চ্যাম্পিয়ন ব্রিসবেন।

অধিনায়ক জেমস হোপস (৩৪), ড্যানিয়েল ক্রিস্টিয়ান (২১) এবং শেষ দিকে ক্রিস স্যাবার্গ (৭ বলে ১৯) ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় হার মানতে হয় ব্রিসবেনকে।

১৩ রানে ৩ উইকেট নিয়ে টাইটান্সের জয়ে বড় অবদান ফাস্ট বোলার মার্চেন্ট ডি ল্যাঙয়ার। ম্যাচ সেরাও তিনি।

একই মাঠে দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদ ৪ উইকেটে ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে ড্যারেন ব্রাভোর ৪৪ বলে ৬৬ রান ৮ উইকেটে ১৬০ রান এনে দেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন ত্রিনিদাদকে।

বাছাই পর্ব পেরিয়ে আসা হায়দ্রাবাদের পক্ষে দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, থিসারা পেরেরা ও ড্যারেন স্যামি।

পরে ব্যাট হাতেও সফল শ্রীলঙ্কান অলরাউন্ডার পেরেরা। তার ৩২ বলে চারটি করে চার ও ছক্কায় গড়া অপরাজিত ৫৭ রানের আক্রমণাত্মক ইনিংস তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় হায়দ্রাবাদকে।

ম্যাচ সেরা পেরেরার জন্যই চার ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে চার উইকেট নিয়েও ত্রিনিদাদকে জয় এনে দিতে পারেননি অফস্পিনার সুনীল নারায়ণ।