ইংল্যান্ডের অ্যাশেজ দলে ৩ নতুন ক্রিকেটার
টেস্ট ক্রিকেট না খেলা তিন নতুন মুখকে নিয়ে ফিরতি অ্যাশেজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার মন্টি পানেসার।
অস্ট্রেলিয়ার মাটিতে ২১-২৫ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এডিলেড, পার্থ, মেলবোর্ন ও সিডনিতে হবে বাকি চারটি টেস্ট। অ্যাশেজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টিও সিরিজও খেলবে দল দুটি।
গত জুলাই-অগাস্টে ইংল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ টেস্টের অ্যাশেজে ৩-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। ঐ সিরিজে দলে ছিলেন না পানেসার। ৪৮টি টেস্ট খেলা এই স্পিনার শেষ টেস্ট খেলেছেন গত মার্চে, নিউজিল্যান্ড সফরে।
টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার বয়েড রানকিন ও বেন স্টোকস যথাক্রমে ৪২টি ও ১০টি করে ওয়ানডে খেলেছেন। এছাড়া গ্যারি ব্যালাঞ্চ খেলেছেন একটি ওয়ানডে।
চোট সমস্যা থাকায় দলে নেই পেসার টিম ব্রেসনান। তবে নির্দিষ্ট সময়ের আগে সুস্থ হয়ে উঠলে ফিরতে পারেন তিনি।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, মন্টি পানেসার, গ্যারি ব্যালাঞ্চ, মাইকেল কারবেরি, বয়েড রানকিন, স্টিভেন ফিন, বেন স্টোকস ও ক্রিস ট্রেমলেট।
