২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়ো শুনে ‘মেজাজ’ হারালেন মাশরাফি

আবাহনী লিমিটেডের বিপক্ষে টান-টান উত্তেজনার ম্যাচে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপক্ষ সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 08:44 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩২ রানের মধ্যে আবাহনীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও নাজিমউদ্দিনকে আউট করে দলকে দারুণ সূচনা এনে দেন মাশরাফি।

কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারছিল না মোহামেডান। সতীর্থদের বাজে ফিল্ডিংয়ে মাঠেই বেশ কয়েকবার হতাশা প্রকাশ করতে দেখা যায় মাশরাফিকে।

আবাহনীর ইনিংসের শেষ দিকে রান নেয়ার জন্য ছুটে আসা আলাউদ্দিন বাবুর সঙ্গে সংঘর্ষ এড়াতে তাকে জড়িয়ে ধরেন মোহামেডান অধিনায়ক। ব্যাটসম্যান এ নিয়ে কোনো আপত্তি না জানালেও আবাহনীর সমর্থকরা মাশরাফির নামে দুয়ো দিতে থাকে। যদিও এই মাশরাফির অধিনায়কত্বে দুবার লিগ শিরোপা জিতেছিল আবাহনী।

আবাহনীর ইনিংস শেষে মাঠ থেকে ফেরার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মাশরাফি। ভিআইপি গ্যালারিতে বসা আবাহনীর সমর্থকদের দিতে তেড়ে যেতে চাইলে শামসুর রহমান শুভসহ কয়েক জন সতীর্থ তাকে জাপ্টে ধরে নিজেদের সাজঘরে নিয়ে যান।

খেলার শেষে অবশ্য দেশের অন্যতম সেরা পেসারের মুখেই ছিল বিজয়ীর হাসি। ৪০ রানে ৪ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে নামার সময় আবার দুয়ো শুনলেও তা পাত্তা দেননি মাশরাফি। ১২ বলে একটি করে ছক্কা ও চারের সাহায্যে ১৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মোহামেডানকে ৩ উইকেটের জয় এনে দিতে ভালো অবদান রাখেন তিনি।