২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দল হিসেবে চূড়ান্ত পর্বে ওটাগো

স্বাগতিক ভারতের সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়ে বাছাই পর্বের সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 12:44 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বাছাই পর্বের তিন ম্যাচেই জয় পাওয়া ওটাগো ‘এ’ গ্রুপে খেলবে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএলে তৃতীয় হওয়া রাজস্থান রয়্যালস, দক্ষিণ আফ্রিকার রানার্স-আপ লায়ন্স ও অস্ট্রেলিয়ার রানার্স-আপ পার্থ স্করচার্সের বিপক্ষে।

চূড়ান্ত পর্বে ওঠা অন্য দল হায়দ্রাবাদের ‘বি গ্রুপ প্রতিপক্ষ আইপিএল রানার্স-আপ চেন্নাই সুপার কিংস, দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন টাইটান্স, অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন ব্রিসবেন হিট এবং ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়ন ত্রিনিদাদ ও টোবাগো।

শনিবার জয়পুরে চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও রাজস্থান।

মোহালিতে ওটাগোর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৩ রান করে হায়দ্রাবাদ। ৪৫ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানোর পর ক্যামেরন হোয়াইটের (২৫) সঙ্গে ৪০ ও ড্যারেন স্যামির (২৬) সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলকে দেড় শ’র কাছাকাছি পৌঁছে দেন জেপি ডুমিনি। ৫৭ রানে অপরাজিত ডুমিনির ৩৮ বলের ইনিংসে ৭টি চার। দুটি করে উইকেট নেন অফস্পিনার নাথান ম্যাককালাম ও বাঁহাতি স্পিনার নিক বিয়ার্ড। জবাবে ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিং ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ওটাগোকে। ওটাগো অধিনায়কের ৩৯ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে ৫টি করে চার ও ছক্কা। হামিশ রাদারফোর্ড ২৩ বলে ২৭ ও জেমস নিশাম ১৩ বলে ২১ রান করেন। হায়দ্রাবাদের পক্ষে ১৩ রানে ২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন।