২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার প্রথম হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের তৃতীয় ম্যাচেই ভূপাতিত ভিক্টোরিয়া। ব্রাদার্স ইউনিয়নের কাছে ৬ উইকেটে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

ভিক্টোরিয়ার এটি প্রথম হার। অন্যদিকে হার দিয়ে লিগ শুরু করা ব্রাদার্সের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয়।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৩ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৪৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ব্রাদার্সের ত্রাতা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫৬) ও নাজমুস সাদাত। পঞ্চম উইকেটে দুজনের ১৬২ বল স্থায়ী ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় গোপীবাগের দলটিকে।

৮২ রানে অপরাজিত সাদাতের ৯৭ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্বা।

খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “শুরুতে উইকেট পড়ে যাওয়ায় আমরা একটু চাপের মধ্যে ছিলাম। কম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট পড়ে যাওয়া সব সময় বিপজ্জনক। তবে আমি ও অ্যাঞ্জেলো কোনো চাপ নিতে চাইনি। আমাদের পরিকল্পনাও কাজে এসেছে। এক-দুই করে রান নিয়ে উইকেটে সেট হওয়ার পর সহজেই রান এসেছে।”

ভিক্টোরিয়ার পক্ষে ৩৫ রানে ২ উইকেট নেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার সজীবা বীরাকুন।

সকালে ভিক্টোরিয়ার শুরুটা হয়েছিল আরো খারাপ। মাত্র ১১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। অধিনায়ক নাসির হোসেন ৪৯ বলে ৩৫ রান করলেও তার বিদায় বর্তমান চ্যাম্পিয়নদের ৫৮/৫-এ পরিণত করে।

ষষ্ঠ উইকেটে মোহাম্মদ শরীফের (৩৩) সঙ্গে যুবায়ের হোসেনের (৫০) ৮০ এবং শেষ উইকেটে এনামুল হকের (অপরাজিত ২৯) সঙ্গে মনির হোসেনের (অপরাজিত ১৬) ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে কোনো মতে দু শ’ পেরোয় ভিক্টোরিয়া। ব্রাদার্সের পক্ষে ইমতিয়াজ হোসেন, ম্যাথিউস ও আজহার মেহমুদ দুটি করে উইকেট নেন। সকালে মাঠের দক্ষিণ পাশের (থানা প্রান্ত) ঘাস কাটার জন্য ১৫ মিনিট দেরিতে সোয়া নয়টায় খেলা শুরু হয়। চোটের কারণে সোহরাওয়ার্দী শুভ না খেলায় এই ম্যাচে ব্রাদার্সকে নেতৃত্ব দেন নাফিস ইকবাল। এ নিয়ে তিন ম্যাচে ভিন্ন তিন জন অধিনায়কত্ব করলেন ব্রাদার্সের।