চূড়ান্ত পর্বে হায়দ্রাবাদ-ওটাগো
টানা দ্বিতীয় জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ভারতের হা্য়দ্রাবাদ সানরাইজার্স ও নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস।
বুধবার হায়দ্রাবাদ পাকিস্তানের ফয়সালাবাদ ওল্ভসকে ৭ উইকেটে এবং ওটাগো শ্রীলঙ্কার কান্দুরাতা মেরুন্সকে ৬ উইকেটে হারিয়েছে।
মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ওটাগো ফয়সালাবাদকে ৮ উইকেটে এবং পরের ম্যাচে হায়দ্রাবাদ একই ব্যবধানে কান্দুরাতাকে হারিয়েছিল।
হা্য়দ্রাবাদ-ফয়সালাবাদ
মোহালিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৭ রান করে ফয়সালাবাদ।
৪০ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে আম্মার মাহমুদের ব্যাট থেকে।
জবাবে শিখর ধাওয়ানের ৫০ বলে ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংস ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় হায়দ্রাবাদকে। ২৩ রান করা পার্থিব প্যাটেলের সঙ্গে ৫৩ বলে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ধাওয়ান।
তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ২০ রান দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনির।
ওটাগো-কান্দুরাতা
একই ভেন্যুতে দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রান করে কান্দুরাতা।
৫৬ বলে ৭৬ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি।
২১ রানে ৩ উইকেট নিয়ে ইয়ান বাটলার ওটাগোর সবচেয়ে সফল বোলার। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই ডানহাতি পেসার।
অষ্টাদশ ওভারের তৃতীয় বলে থারাঙ্গাকে এক্সটা কাভারে ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচে পরিণত করার পরের বলে কৌশল লোকুয়ারাচ্চিকে বোল্ড করেন বাটলার।
কিন্তু তার পরের বলে নুয়ান কুলাসেকারা এক রান নিলে হ্যাটট্রিকের সম্ভাবনা শেষ হয়ে যায়। ওভারের শেষ বলেই অবশ্য চামারা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাটলার।
মিডিয়াম পেসে ৯ রানে ২ উইকেট নেন রায়ান টেন ডোসকাটে।
জবাবে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ওটাগো। মাত্র ৩২ বলে পাঁচটি বিশাল ছক্কা ও দুটি চারের সাহায্যে ৬৪ রান করে নিউজিল্যান্ডের দলটির জয়ে সবচেয়ে বড় অবদান ম্যাচ সেরা ডোসকাটের।
১৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জেমস নিশাম।
২০ রানে ৩ উইকেট নেন পেসার দিলহারা লোকুহেত্তিগে।
