২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের উচ্ছ্বাস

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:48 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

সাকিবের সঙ্গে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমীকেও শুভেচ্ছা দূত মনোনীত করেছে ইউনিসেফ।

মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “অনেক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে ক্রিকেট খেলেছিলাম। সে সময় ওদের সঙ্গে কথা বলে ওদের জন্য কিছু করার আগ্রহ জন্মে। সে থেকেই আমার এর সঙ্গে সম্পৃক্ত হওয়া।”

২০১০ সালের ডিসেম্বর থেকে শিশু অধিকার রক্ষায় ইউনিসেফের মুখপাত্র হিসেবে কাজ করা এই তারকা অলরাউন্ডার আরো বলেন, “এ ধরনের কাজ করতে আমার ভালো লাগে। মনে অন্য ধরনের শান্তি পাই। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। যতটুকু পারি ওদের সাহায্য করবো।”

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও কয়েকটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কারণে তার এখন দম ফেলার ফুরসত নেই। তবু তারই মধ্যে সময় বের করে নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার অঙ্গীকার করেন টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব।

এ প্রসঙ্গে তিনি বলেন, “যখনই সময় পাবো, কাজ করবো। এমন নয় যে বছরের ৩৬৫ দিনই কাজ করতে হবে। তবে ব্যস্ততার ফাঁকে অবশ্যই সময় বের করে এই কাজ করবো।”

এই প্রশংসনী উদ্যোগে সাকিব পাশে পাচ্ছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরকেও। তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী দুজনই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে আগ্রহী। আমার স্ত্রীর বরং আমার থেকেও আগ্রহ বেশি।”

“আমার সমাজসেবামূলক চ্যারিটি ফান্ড গঠনেরও ইচ্ছা আছে। সেজন্য অবশ্য সময় লাগবে।”

চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে পারছেন না সাকিব। নিউ জিল্যান্ড সিরিজের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আশা করি নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবো। আরো ১০/১২ দিন পর চোটের অবস্থা বোঝা যাবে।”