ওয়াটসনের শতকে সিরিজ অস্ট্রেলিয়ার
শেন ওয়াটসনের আক্রমণাত্মক শতকে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সোমবার সিরিজ নির্ধারক পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৪৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে অতিথিরা।
সাউথাম্পটনের রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ২৯৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৮ ওভারে ২৪৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে ইংল্যান্ড। ২৬তম ওভারের প্রথম বলে অধিনায়ক ওয়েন মর্গান (৩০) বিদায় নিলে স্বাগতিকদের স্কোর পরিণত হয় ৫ উইকেটে ১০৩। ষষ্ঠ উইকেটে আগের ম্যাচের সেরা খেলোয়াড় জশ বাটলারের (৪২) সঙ্গে রবি বোপারার (৬২) ৯২ রানের জুটি স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরানোর চেষ্টা করে। কিন্তু ২ রানের ব্যবধানে বাটলার, বোপারার বিদায়ের পর আর পেরে উঠেনি ইংল্যান্ড।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার জেমস ফকনার।
এর আগে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়লেও অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ওয়াটসন ও মাইকেল ক্লার্কের। চতুর্থ উইকেটে তাদের ১৩৩ বল স্থায়ী ১৬৩ রানের জুটি অতিথিদের ৩ উইকেটে ২১১ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যায়।
ফকনার (১০) ছাড়া শেষ ছয় ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় তিনশ' পেরুতে পারেনি অস্ট্রেলিয়া।
৬১ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার বেন স্টোকস। ১০ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি। অভিষিক্ত ডানহাতি পেসার ক্রিস জর্ডান ৩ উইকেট নেন ৫১ রানে।
ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯.১ ওভারে ২৯৮ (হিউজ ২, ফিঞ্চ ২৬, ওয়াটসন ১৪৩, ওয়েড ০, ক্লার্ক ৭৫, বেইলি ৪, ভোগস ৮, ফকনার ১০, জনসন ২, ম্যাকায় ৫, ফাওয়াদ ৪*; স্টোকস ৫/৬১, জর্ডান ৩/৫১, র্যাংকিন ১/২৬, রুট ১/৫৮)
ইংল্যান্ড: ৪৮ ওভারে ২৪৯ (কারবেরি ৩০, পিটারসেন ০, রুট ২১, মর্গান ৩০, রাইট ০, বোপারা ৬২, বাটলার ৪২, স্টোকস ২৭, জর্ডান ১৪, ট্রেডওয়েল ৫*, র্যাংকিন ৪; ফকনার ৩/৩৮, জনসন ২/২১, ভোগস ১/২৫, ফাওয়াদ ১/৫১, ওয়াটসন ১/৫২)
