২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তির বিরুদ্ধে শ্রীশান্তের আবেদন

আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে লিখিতভাবে আবেদন করেছেন পেসার শান্তকুমারন শ্রীশান্ত। যথারীতি চিঠিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 07:57 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের গত আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে গত শুক্রবার ৩০ বছর বয়সী শ্রীশান্তকে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা জানিয়েছে, বিসিসিআইকে লেখা চিঠিতে ক্রিকেটের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার কথা উল্লেখ করে এই কঠোর শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন শ্রীশান্ত।

নিজের ‘নিরপরাধ’ ভাবমূর্তির পক্ষে যুক্তি হিসেবে তিনি জানিয়েছেন, একজন বোলার নির্দিষ্ট কোনো ওভার ‘ফিক্স’ করতে চাইলে অধিনায়ক যেন ঐ সময়ে তাকেই বল করতে দেন, তা সবার আগে নিশ্চিত করতে হবে। যা ঐ বোলারের জন্য শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবও। তাছাড়া যে আইনে তাকে নিষিদ্ধ করা হয়েছে, তা-ও সঠিক নয় বলে মনে করেন শ্রীশান্ত। চিঠিতে তিনি লিখেছেন, “অপরাধ বা শাস্তি প্রয়োগের নীতির ২.১.৪ ধারা আমার (ফিক্সিংয়ের সঙ্গে) জড়িত থাকার প্রতি ইঙ্গিত করে না। কারণ আমার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।” ক্রিকেটের প্রতি আনুগত্য বোঝাতে খেলাটিকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে ২৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা শ্রীশান্ত লিখেছেন, “ক্রিকেট আমার গর্ব ও ভালোবাসা। খেলাটিকে আমি নিজের মায়ের মতো শ্রদ্ধা করি।” তার মতে, একজন সন্তানের পক্ষে তার মাকে অসম্মান করা অসম্ভব। চিঠির শেষে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ করে শ্রীশান্ত জানিয়েছেন, “আমাকে এই খেলাটা খেলতে বাধা দেয়া হলে ভীষণ দুঃখ পাবো। শুধুমাত্র বানোয়াট ও মিথ্যা তথ্যের ওপরে ভিত্তি করে শাস্তি দেয়া যেতে পারে না। এ সব তথ্যের সপক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ নেই।”

পুরনো খবর:

শ্রীশান্ত আজীবন নিষিদ্ধ