টেন্ডুলকারকে নিয়ে আকরামের ভাবনা
আপাতত টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো সংক্রান্ত কোনো পরিকল্পনা নেই শচীন টেন্ডুলকারের। তবে ওয়াসিম আকরাম মনে করেন, পাকিস্তানের বিপক্ষে খেলে অবসর নিলে তা হবে ভারতের ব্যাটিং-কিংবদন্তির জন্য সেরা বিদায়।
এ বছরের শেষ দিকে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার অবিস্মরণীয় কীর্তি স্পর্শ করতে যাচ্ছেন টেস্ট-ওয়ানডে দুটোরই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক টেন্ডুলকার। গণমাধ্যমে গুঞ্জন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০তম টেস্ট খেলেই হয়তো ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
অনেকের মতে সর্বকালের সেরা বাঁহাতি পেসার আকরাম অবশ্য টেস্টে ১৫,৮৩৭ ও ওয়ানডেতে ১৮,৪২৬ রানের মালিক টেন্ডুলকারের বিদায় নিয়ে ‘আকর্ষণীয়’ এক ছবি এঁকেছেন মনে-মনে।
তিনি বলেন, “তার বিদায়ী টেস্টের এক আদর্শ দৃশ্য তৈরি করেছি আমি। ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলছে। গ্যালারি ভরা কলকাতার আবেগপ্রবণ ক্রিকেট-ভক্ত, আর দুই জাতি স্থবির হয়ে আছে। এটাই হতে পারে টেন্ডুলকারের জন্য সেরা বিদায়।”
অস্ট্রেলিয়ায় একটি ম্যাচে আকরাম ও টেন্ডুলকার (ফাইল ছবি)
