ভিসা-জটিলতায় ফয়সালাবাদ ওল্ভস
১৭ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। অথচ প্রতিযোগিতা শুরু হওয়ার পাঁচ দিন আগেও ভিসা পায়নি উদ্বোধনী ম্যাচের দল পাকিস্তানের ফয়সালাবাদ ওল্ভস।
ভারতের সানরাইজার্স হায়দ্রাবাদ, শ্রীলঙ্কার কান্দুরাতা মেরুন্স, নিউজিল্যান্ডের ওটাগো ভোল্টস ও ফয়সালাবাদ প্রথমে বাছাই পর্বে অংশ নেবে। ১৭ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে ফয়সালাবাদের প্রতিপক্ষ ওটাগো।
২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত পর্বে আটটি দলের সঙ্গে অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে আসা সেরা দুই দল।
প্রতিযোগিতা শুরু হতে আর কয়েক দিন বাকি থাকলেও ভারত সরকার এখনো ফয়সালাবাদকে ভিসা দেয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকার এখনো ভিসা না দিলেও তা দিতে অস্বীকৃতিও জানায়নি।
ফয়সালাবাদ দলের ব্যবস্থাপক হারুন রশিদ বলেন, “(ভিসা প্রাপ্তি নিয়ে) অনিশ্চয়তা থাকলেও খেলোয়াড়দের শুধু ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছে।”
ভারত সরকারের এমন বিরূপ আচরণে ক্ষোভ প্রকাশ করে ফয়সালাবাদের একজন ক্রিকেটার বলেন, “শেষ মুহূর্তে তারা আমাদের ভিসা দিতে অস্বীকৃতি জানালে ভীষণ অন্যায় হবে। তারা আমাদের অনুমতি দিতে না চাইলে এত সময় নষ্ট না করে আগেই তা জানাতে পারতো।”
