প্রথমবারের মতো শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন রঙ্গনা হেরাথ। বর্ষসেরা টেস্ট বোলারের সম্মানও পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Sep 2013, 07:18 PM
Updated :
23 Aug 2022, 06:53 PM
বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন গত বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য বিবেচিত সময়ে ২২.১৩ গড়ে ৪৬ উইকেট নিয়েছেন হেরাথ। ২০১২ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কৃতিত্ব তারই, ২৩.৬১ গড়ে ৬০টি। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে (প্রথম দুজন মুত্তিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস) টেস্টে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হলেও এই সময়ে সাঙ্গাকারা দুটির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। তবে ঐ দুই টেস্টেই তিনটি শতকসহ এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ৪৪১ রান।
ওয়ানডের সেরা ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারের পুরস্কার পেয়েছেন যথাক্রমে তিলকরত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।