রুবেলের তোপে গাজী ট্যাংকের শুভ সূচনা
পেসার রুবেল হোসেনের তোপে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৮ উইকেটে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শূভ সূচনা করেছে শিরোপাপ্রত্যাশী গাজী ট্যাংক ক্রিকেটার্স।
খেলাঘরকে ১৩৩ রানে অলআউট করতে রুবেল নেন ৬ উইকেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে অলআউট হয়ে যায় এবারই প্রিমিয়ার লিগে আসা খেলাঘর।
১৭ রানে প্রথম চার ব্যাটসম্যানকে বিদায় করে খেলাঘরের অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন রুবেল।
এরপর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন শুভাগত হোম চৌধুরী ও অধিনায়ক ফয়সাল হোসেন ডিকেন্স (৩১) লড়াই করলেও দেড়শ' পর্যন্ত যেতে পারেনি দলটি। ৮১ বলে ৬টি চারের সাহায্যে ৫৩ রান করা শুভাগতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭৬ রানের প্রতিরোধ গড়া জুটি ভাঙ্গন আরাফাত সানি। এরপর বেশি দূর এগোয়নি খেলাঘরের ইনিংস।
৩টি মেডেনসহ ৭ ওভার ৪ বলে ১৮ রান দিয়ে ৬ উইকেট নেন রুবেল। লেগস্পিনার নুর হোসেন ২ উইকেট নেন ২৪ রানে।
জবাবে ২৪ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। ১৬ রানে রকিবুল হাসান (৭) ও ৮৩ রানে ইমরুল কায়েস (৩০) বিদায় নিলেও দলকে সহজ জয় এনে দেন আফতাব আহমেদ ও নিউ জিল্যান্ডের অলরাউন্ডার স্কট স্টাইরিস।
৬৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন আফতাব। ৩২ রানে অপরাজিত স্টাইরিসের ৩০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
