২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় লড়াইয়ের প্রতিশ্রুতি

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে মহিলা ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:01 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সোমবার সকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে অধিনায়ক সালমা খাতুন বলেন, “আমরা ১২ দিনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আরেকটু বেশি সময় পেলে ভালো হতো। সফরটা দারুণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।”

“ওদের সঙ্গে আমাদের তেমন শক্তির তারতম্য নেই। গত বছর বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা ভালো খেলেছিল। আমাদের পক্ষেও ওদের কন্ডিশনে ভালো খেলা সম্ভব।”

বাংলাদেশ দলের বোলিং আক্রমণ নিয়ে সন্তোষ প্রকাশ করে সালমা আরো বলেন, “আমাদের দলে চার জন পেসার আছে। তারা বেশ ভালো বল করছে। স্পিনাররা তাদের একটু সহায়তা করতে পারলে আমাদের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।”

সালমার মতো কোচ ওশাদি বীরাসিংহেও প্রস্তুতির সময় নিয়ে সন্তুষ্ট নন। তিনি বলেন, “আমরা লড়াই করার প্রত্যাশা করছি। আমাদের প্রথম কাজ হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো করার সামর্থ্য রয়েছে আমাদের।”

“আমাদের মূল একাদশে তেমন পরিবর্তন আসবে না। দক্ষিণ আফ্রিকায় পেসাররা সুবিধা পায় বলে একজন বাড়তি পেসার খেলাতে পারি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরলেও প্রথম ম্যাচে সাথিরা জাকির জেসির খেলার সম্ভাবনা খুব কম। একজন অলরাউন্ডারের চেয়ে একজন পেসারই সেখানে বেশি দরকার হবে।”

উপমহাদেশের বাইরে এটা হতে যাচ্ছে মহিলা ক্রিকেট দলের দ্বিতীয় সফর। গত বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে তেমন ভালো করতে পারেনি সালমার দল। ৭টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছিল, হেরেছিল চারটিতে, বাকি দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

তবে আয়ারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকায় ভালো করার ব্যাপারে আশাবাদী জেসি।

তিনি বলেন, “আয়ারল্যান্ডে আমরা অনেক কিছু শিখেছি। দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই-একটা ম্যাচে একটু সমস্যা হতে পারে। আশা করি সেখানে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। ঘরোয়া ক্রিকেটে সাফল্য পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো করতে পারিনি। জানি না খেলার সুযোগ পাবো কিনা। তবে সুযোগ পেলে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করবো।”

গত জুলাইয়ে ওশাদির সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বিসিবির। শুধু দক্ষিণ আফ্রিকা সফরের জন্যই তাকে এবার আনা হয়েছে। সফর শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা নেয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবির মহিলা ক্রিকেট বিষয়ক প্রধান এনায়েত হোসেন সিরাজ।

তিনি বলেন, “আমরা একজন ভালো কোচ খুঁজছি। এবার একজন ব্যাটিং কোচও আনা হবে। তিনি শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করবেন।”