২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিশাল জয়

জিততে হলে শেষ দিনে প্রয়োজন ৩২৯ রান, হাতে ৯ উইকেট। কঠিন সমীকরণ, তবে অসম্ভব নয়। ৩৪২ রানের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে থাকা জিম্বাবুয়ে অবশ্য শুরুতেই বুঝিয়ে দিয়েছে, হারারে স্পোর্টস ক্লাবে তাদের পক্ষে ড্র করাও সম্ভব নয়! মাত্র ১২০ রানে গুটিয়ে গিয়ে পাকিস্তানের কাছে ২২১ রানের বিশাল ব্যবধানে হার মেনেছে স্বাগতিক দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

১০ সেপ্টেম্বর থেকে একই মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শনিবার ১ উইকেটে ১৩ রান নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে দিনের শুরুতেই ধাক্কা দেন বাঁহাতি পেসার জুনায়েদ খান, নিজের প্রথম ৮ বলে ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে দিয়ে।

বাকি ৭ উইকেট ভাগাভাগি করে নেন দুই স্পিনার সাঈদ আজমল ও আব্দুর রেহমান।

ব্যক্তিগত ১৭ রানে রাহাত আলীর বলে উইকেটরক্ষক আদনান আকমলের কৃপায় ‘জীবন’ ফিরে পেলেও আর ৭ রানের বেশি করতে পারেননি সিকান্দার রাজা। ২০-এর ওপরে যাওয়ার ‘কৃতিত্ব’ আর একজনেরই, ২৮ রান করা এল্টন চিগুম্বুরার। সিকান্দার-চিগুম্বুরা দুজনই রেহমানের শিকার। আজমল ও রেহমান চারটি করে উইকেট নিয়ে সহজ জয় এনে দেন দলকে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া আজমলের ম্যাচে উইকেট সংখ্যা ১১টি, ১১৮ রানের বিনিময়ে। এই অফস্পিনারের এটা চতুর্থ বারের মতো টেস্ট ম্যাচে ১০ বা তার চেয়ে বেশি উইকেট শিকার। তবু আজমলের হাতে ম্যাচ-সেরা পুরস্কার ওঠেনি। অপরাজিত ২০০ রানের দুর্দান্ত ইনিংসের জন্য পুরস্কারটা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৪৯ (আজহার ৭৮, মিসবাহ ৫৩, আজমল ৪৯; চাতারা ৩/৬৪, পানিয়াঙ্গারা ৩/৭১) ও ৪১৯/৯ ডিক্লে. (ইউনুস ২০০*, আদনান ৬৪, মিসবাহ ৫২; উৎসেইয়া ৩/১৩৭) জিম্বাবুয়ে: ৩২৭ (ওয়ালার ৭০, চিগুম্বুরা ৬৯, সিকান্দার ৬০; আজমল ৭/৯৫) ও ১২০ (মায়োয়ো ২, সিবান্দা ৬, হ্যামিল্টন মাসাকাদজা ১, সিকান্দার ২৪, ওয়ালার ১৭, চিগুম্বুরা ২৮, মুতুমবামি ১৬*, উৎসেইয়া ০, শিঙ্গিরাই মাসাকাদজা ০, পানিয়াঙ্গারা ৬, চাতারা ১৩; আজমল ৪/২৩, রেহমান ৪/৩৬, জুনায়েদ ২/২০) ম্যাচ সেরা: ইউনুস খান।