সালমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরের দল
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শনিবার ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের অধিনায়ক সালমা খাতুন, সহ-অধিনায়ক ফারজানা হক পিঙ্কি।
মহিলা ক্লাব ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন অলরাউন্ডার সাথিরা জাকির জেসি।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর পৌঁছানোর পর ১২, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে তিনটি টি-টোয়েন্টি।
১৮ সেপ্টেম্বর রাস্টেনবার্গের অলিম্পিয়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর বেনোনি, ২২ সেপ্টেম্বর জোহানেসবার্গ ও ২৪ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে ওয়ানডে তিনটি হবে।
গত বছর বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, খাদিজাতুল কোবরা, পান্না ঘোষ, নুজহাত তানিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, লিলি রানী বিশ্বাস, রিতু মণি, ফাহিমা খাতুন, সাথিরা জাকির জেসি ও শায়লা শারমীন।
