ইডেন গার্ডেন্সে গোলাপি বলের ক্রিকেট
ভারতের মাটিতে প্রথমবারের মতো গোলাপি বলে চার দিনের প্রথম শ্রেণীর দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে যাচ্ছে পশ্চিম বাংলা ক্রিকেট সংস্থা (সিএবি)।
আগামী মাসে ইডেন গার্ডেন্সে বাংলার রঞ্জি দল এবং ঝাড়খন্ড ও উড়িষ্যাকে নিয়ে গড়া একটি দলের মধ্যে অনুষ্ঠেয় চ্যালেঞ্জার্স কাপের ফাইনাল হবে দিবা-রাত্রির।
ইংল্যান্ডসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে গোলাপি রংয়ের বলে এরই মধ্যে খেলা হয়েছে।
ভারতে কৃত্রিম আলোয় প্রথম শ্রেণীর ক্রিকেট নতুন নয়। ১৯৯৭ সালে গোয়ালিয়রে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির ফাইনাল হয়েছিল কৃত্রিম আলোয়। তবে গোলাপি বলে কখনোই খেলা হয়নি।
গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়াও ঘরোয়া ক্রিকেটের কয়েকটি ম্যাচ কৃত্রিম আলোয় এবং গোলাপি বলে করার ঘোষণা দিয়েছে। শেফিল্ড শিল্ডের নবম রাউন্ডের ঐ ম্যাচগুলো আগামী বছরের মার্চে হওয়ার কথা।
