বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়ের দিন
বোলারদের নৈপুণ্যে হারারেতে প্রথম টেস্টের প্রথম দিনটি জিম্বাবুয়ের। মঙ্গলবারের খেলা শেষে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৪৯ রান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। খুররম মনজুরকে এলবিডিব্লিউর ফাঁদে ফেলার পর অভিজ্ঞ ইউনুস খানকে বোল্ড করেন টিনাশে পানিয়াঙ্গারা। এর আগে মোহাম্মদ হাফিজকে ভুসিমুজি সিবান্দার ক্যাচে পরিণত করে দলকে প্রথম সাফল্য এনে দেন টেন্ডাই চাতারা।
মিসবাহ-উল-হক ও আজহার আলীর দৃঢ়তায় মধ্যাহ্ন-বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। ৩ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া অতিথিরা দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টাও নিরাপদেই কাটিয়ে দেয়।
পানি পানের বিরতির ১৪ বলের মধ্যে মিসবাহকে (৫৩) সিবান্দার ক্যাচে পরিণত করে বিপজ্জনক হয়ে উঠা ৯৩ রানের জুটি ভাঙ্গেন প্রসপার উৎসেইয়া। বেশিক্ষণ টেকেননি অফস্পিনার উৎসেইয়ার দ্বিতীয় শিকারে পরিণত হওয়া আসাদ শফিক (৪)।
৫ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করে প্রথম ঘন্টায় অতিথিদের স্কোর পরিণত হয় ১৮২/৮-এ। আদনান আকমল (১৮) ও আব্দুর রেহমানের সঙ্গে আজহারকেও (৭৮) হারিয়ে ভীষণ বিপদে পড়ে পাকিস্তান।
নবম উইকেটে জুনায়েদ খানকে নিয়ে সাঈদ আজমলের ৬৭ রানের জুটির সৌজন্যে প্রথম ইনিংসে আড়াইশর কাছাকাছি যেতে পেরেছে অতিথিরা। দিনের দ্বিতীয় শেষ বলে জুনায়েদ (১৭) পানিয়াঙ্গারার তৃতীয় শিকারে পরিণত হলেও দ্বিতীয় টেস্ট অর্ধশতকের অপেক্ষায় আজমল (৪৯*)।
৭১ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার পানিয়াঙ্গারা। নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন টেইলরের অনুপস্থিতিতে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে খেলছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৪৯/৯ (মনজুর ১১, হাফিজ ৫, আজহার ৭৮, ইউনুস ৩, মিসবাহ ৫৩, শফিক ৪, আদনান ১৮, রেহমান ৭, আজমল ৪৯*, জুনায়েদ ১৭; পানিয়াঙ্গারা ৩/৭১, শিঙ্গিরাই ২/৪০, উৎসেইয়া ২/৫৫, চাতারা ২/৬৪)
